ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বর্তমান সরকারের সমর্থক হিসাবে পরিচিত বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সরকারের সমালোচনা করে বলেছেন, বর্তমান সরকারের সময়ে দেশ ১০ বছর পিছিয়ে গেছে।
সংস্কারপন্থীদের শীর্ষ নেতা মান্নান ভূঁইয়ার গ্রেপ্তারের দুদিন পর মঙ্গলবার সাংবাদিকদের মেজর হাফিজ বলেছেন,"সরকার নির্বাচনের পরিবেশ তৈরি না করে আবার গ্রেপ্তার ও ধরপাকড় শুরু করেছে। এটা বন্ধ করা উচিত। এতে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে।"
"যেখানে তিতাসের একজন মিটার রিডারের কোটি টাকার সম্পদ সেখানে টিনের সুপারিশের জন্য সাংসদ-রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার গ্রহণযোগ্য নয়"-মন্তব্য হাফিজের।
জরুরি অবস্থা জারির পর থেকে সরকারের যাবতীয় কর্মকাণ্ডে অকুণ্ঠ সমর্থন যুগিয়ে আসা হাফিজের মঙ্গলবারের কথাবার্তায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল স্পষ্ট।
দলীয় প্রধান খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর বিএনপির এই নেতা বলেছিলেন, "আদালতেই তিনি সুবিচার পাবেন।"
মান্নান ভূঁইয়ার গ্রেপ্তারের বিরুদ্ধে সরাসরি কিছু না বললেও 'ধড়পাকড়' বন্ধ করার দাবি করেছেন তিনি।
মঙ্গলবার নিজের বনানীর বাসায় সংলাপ, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান এবং এসব বিষয়ে সরকারের নানা পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ।
তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে তিনি বলেন, "দেড় বছরে দুর্নীতিবিরোধী অভিযান ছাড়া সরকারের অন্য কোনও সাফল্য নেই। দেশে খাদ্য নিরাপত্তা গড়ে তুলতে পারেনি এই সরকার। বিদ্যুৎ উৎপাদন এক মেগাওয়াটও বাড়াতে পারেনি। অর্থনীতির সূচকগুলো দেখলে বোঝা যায়, দেশ ১০ বছর পিছিয়ে গেছে।"
এতদিন সংলাপে যাওয়ার বিষয়ে আগ্রহী হাফিজউদ্দিন বলেছেন, "সংলাপ ডাকাটা সরকারের ঠিক হয়নি।"
সরকারের সংলাপে বসার সিদ্ধান্ত সঠিক নয় বলেই মত দিয়েছেন তিনি। এপ্রিল মাসে উপদেষ্টাদের সঙ্গে দলীয় প্রধান খালেদা জিয়াকে ছাড়া বসতে বিএনপির 'দেলোয়ারপন্থী' অংশ যখন গড়িমসি করছিল; তখন 'সংস্কারপন্থী' অংশটিই আগে জানায়, তারা খালেদা জিয়াকে ছাড়াই প্রাক-সংলাপে যাবেন।
মঙ্গলবার সাবেক এই মন্ত্রী বলেছেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা সঠিক হয়নি। সংলাপ ডেকে তারা (সরকার) এখন বেকায়দায় পড়েছে।"
এই সংলাপের প্রয়োজন ছিল না- মন্তব্য করে হাফিজ বলেন, "এই সরকারের প্রধান কাজ হচ্ছে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। রাজনৈতিক দলের এজেণ্ডা বাস্তবায়ন করা নয়।"
অথচ বিএনপির 'দেলোয়ারপন্থী' অংশ যখন সবার আগে নির্বাচন চেয়েছেন; তখন হাফিজউদ্দিনসহ 'সংস্কারপন্থীরা' সংস্কারের পরই নির্বাচন- এমন বক্তব্যেই সরব ছিলেন।
সংলাপের সাফল্য নিয়েও সংশয় প্রকাশ করেছেন হাফিজ। তার মতে, দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ না গেলে সরকারের সংলাপ সফল হবে না।
সংলাপের আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়ে হাফিজউদ্দিন বলেন, "সংলাপে আমরা অংশ নেব কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। দলীয় নেতা ও সাবেক সাংসদদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে 'জাতীয় সনদ' তৈরির যে প্রস্তাব দেওয়া হয়েছে, তারও বিরোধিতা করেন হাফিজউদ্দিন। তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে জাতীয় সনদ চাপিয়ে দেওয়া ঠিক হবে না।"
১২ মে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে সন্তোষ প্রকাশ করে সেদিন হাফিজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি ভাষণে জাতীয় সনদের যে প্রস্তাব দিয়েছেন, আমরা প্রাক-সংলাপে এ ধরনের প্রস্তাবই দিয়েছিলাম। দেশের মানুষ আর জ্বালাও পোড়াও আর প্রতিহিংসার রাজনীতি চায় না।"
ঐক্য প্রক্রিয়ায় দেরি হওয়ার জন্য দলের অপর অংশকেই দায়ী করেছেন হাফিজউদ্দিন। তিনি বলেন, "ব্যক্তিবিশেষের অনাগ্রহের কারণে দলের ঐক্য সম্পন্ন হয়নি। তবে প্রচেষ্টা চলছে। আমরা চাই, ঐক্যবদ্ধ হয়ে মিলিতভাবে সংলাপে যেতে।"
নির্বাচন কমিশনের সংলাপের আমন্ত্রণ নিয়ে খালেদা জিয়ার রিট আবেদনের পর খোন্দকার দেলোয়ার হোসেনের অনুসারীদের 'ভিন্ন মতাবলম্বী' অভিহিত করে গত ২০ নভেম্বর হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, "আমরাই বিএনপির মূল ধারা। আদালতের রায় নিয়ে মূলধারা হিসেবে আমরাই শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসব।"
আর খোন্দকার দেলোয়ার বলে আসছেন, সাইফুর-হাফিজ নেতৃত্বাধীন অংশ সরকারের আশীর্বাদপুষ্ট। দলের এ অংশকে 'সরকারি ফ্যাক্টরিতে তৈরি' বিএনপি বলে বিভিন্ন সময়ে আখ্যায়িত করেন তিনি।
তবে গ্যাটকো মামলার সাইফুর রহমান, মান্নান ভূঁইয়াদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদনের পর হাফিজ সাংবাদিকদের বলেছিলেন, "যে কোনও কিছুর বিনিময়ে আমরা ঐক্য চাই।" ঐক্যের জন্য পদ ছাড়ার ইঙ্গিতও দেন তিনি।
মঙ্গলবার তিনি বলেছেন, "খালেদা জিয়াকে ছাড়া বিএনপির পক্ষে নির্বাচনের অংশ নেওয়া কঠিন হবে।"
খালেদা জিয়ার গ্রেপ্তারের পর থেকে হাফিজউদ্দিন বলে আসছিলেন, "সুবিচারের মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ায়ই তিনি (খালেদা জিয়া) এ মামলা থেকে মুক্ত হবেন বলে আমরা আশা করি।"
জরুরি অবস্থা জারির পর গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে তিনি দলের 'বিদ্রোহী' মহাসচিব মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেন এবং সে পদে দলের স্থায়ী কমিটির সদস্য খোন্দকার দেলোয়ার হোসেনকে মনোনয়ন দিয়ে যান। এর মাসখানেক আগে মান্নান ভূঁইয়া দলের অভ্যন্তরে 'সংস্কারের' প্রস্তাব উত্থাপন করেন।
খালেদা জিয়ার গ্রেপ্তারের পর গত ২৯ অক্টোবর দলের স্থায়ী কমিটির ১২ সদস্যের মধ্যে সাত জন এক বিতর্কিত বৈঠকে সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হাফিজউদ্দিনকে অস্থায়ী মহাসচিবের দায়িত্ব দেন।
স্থায়ী কমিটির অন্যতম সদস্য খোন্দকার দেলোয়ার হোসেন ওই বৈঠকে ছিলেন না। এর পর থেকেই বিএনপি দৃশ্যত দুটি ধারায় ভাগ হয়ে কার্যক্রম চালাতে থাকে।
গ্যাটকো দুর্নীতি মামলায় দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির 'সংস্কারপন্থী' অংশের শীর্ষনেতা সাইফুর রহমান, মান্নান ভূঁইয়াকেও আসামি করে গত ৮ মে অভিযোগপত্র অনুমোদন করে।
পর দিন খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "গ্যাটকো মামলার অভিযোগপত্রে সংস্কারপন্থী কয়েকজনকে অন্তর্ভুক্ত করায় এখন নিশ্চয় তারা বুঝতে পারছেন, এ খেলা চলছে রাজনীতিবিদদের ধ্বংসের জন্য। আমি মনে করি, দেরিতে হলেও এ থেকে তারা শিক্ষা নেবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/জিএনএ/এসকে/১৯৩৬ঘ.
bdnews24