ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংলাপে বড় রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্টে (নায়েম) 'শিক্ষাখাতে আইসিটি সমৃদ্ধকরণ' শীর্ষক এক মতবিবিনময় সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন,"আমি নিশ্চিত বড় দলগুলো দায়িত্বশীল প্রতিষ্ঠান। তারা সংলাপে দায়িত্বশীলতার পরিচয় দেবে। দায়িত্বশীলতা নিয়ে সবাই এগিয়ে আসবে- এ ব্যাপারেও আমি নিশ্চিত।"
সংলাপে রাজনৈতিক দলগুলোকে 'সমাধানে' আগ্রহী হয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, "খোলামনে সমাধানে আগ্রহী হয়ে এগোলে সংলাপের সফল পরিণতি দেখা যাবে।"
হোসেন জিল্লুর বলেন, "ইতোমধ্যে সব রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো হয়েছে। এদের মধ্যে সাতটি দল থেকে প্রতিনিধির নামও পাঠানো হয়েছে। এখন কার সাথে কখন সংলাপ করা হবে তার শিডিউল করা হচ্ছে।"
সংলাপের উদ্দেশ্য হল জনগণের আকাক্সক্ষা পূরণ আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের এ আকাক্সক্ষা অনেকটা পূরণ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, "সংকট সমাধানে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে সমাধান সম্ভব। জনগণও সমাধান চায়। আমি নিশ্চিত সংলাপের পরিবেশ হবে সমাধানের পরিবেশ।"
তিনি আরো জানান, স্বল্পতম সময়ের মধ্যেই বাংলাদেশ টেলিভিশনের দ্বিতীয় চ্যানেল 'শিক্ষা চ্যানেল' হিসেবে চালু করা হবে। এ বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইউএনডিপির সহায়তায় অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেফালিয়েন, ভারপ্রাপ্ত শিক্ষা সচিব আশরাফুল মকবুল, অতিরিক্ত শিক্ষা সচিব মোজাম্মেল হক খান, যুগ্ম সচিব হুমায়ুন খালিদ, নজরুল ইসলাম খান প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনির চৌধুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এফএফ/এমএ/১৫১০ঘ.
bdnews24