ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলার আসামি সাবেক মন্ত্রী এম কে আনোয়রের পক্ষে তার আইনজীবী আদালতে আত্মসমর্পণের আবেদন দাখিল করেছেন ।
মঙ্গলবার সকালে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে এই আবেদন করা হয়।
এমকে আনোয়ারের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য দেন। তিনি বলেন, "আমি এমকে আনোয়ারের পক্ষে আদালতের কাছে আত্মসমর্পণের আবেদন করেছি।"
এর আগে এমকে আনোয়ার উচ্চআদালতে জামিনের জন্য আবেদন করেন। কিন্ত আদালত তার আবেদন গ্রহণ করেনি।
দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত।
এই আদেশের পর বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া, এবং সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম আদালতে আত্মসমর্পন করেন। জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে তার বাসা থেকে পুুলিশ গ্রেফতার করে। এ্কই দিন পুলিশ এমকে আনোয়ারকে গ্রেফতারের জন্য তার বাসায় তল্লাশি চালায় । কিন্ত সাবেক এই মন্ত্রী বাসায় না থাকায় পুলিশ চলে আসে। এরপর থেকে এমকে আনোয়ার পলাতক রয়েছেন।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে গত বছর ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে।
কমিশন গত ১৩ মে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এএইচডি-ইএইচবি/জিএনএ/১১১০ ঘ.
bdnews24