২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ২০ মেডিক্যাল অ্যাসিস্টেন্ট কাজ করতে পারছেন না

প্রশাসনিক জটিলতার কারণে নাটোরে সদ্য নিয়োগপ্রাপ্ত ২০ জন মেডিকেল অ্যাসিস্টেন্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কাজ করার সুযোগ পাচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

নাটোর, মে ১৯ (বিডিনি্জু টোয়েন্টিফোর ডটকম)-- প্রশাসনিক জটিলতার কারণে নাটোরে সদ্য নিয়োগপ্রাপ্ত ২০ জন মেডিকেল অ্যাসিস্টেন্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কাজ করার সুযোগ পাচ্ছেন না। সোমবার নাটোরের একটি হোটেলে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) আয়োজিত বৈজ্ঞানিক কর্মশালায় সংগঠনের নেতারা এ অভিযোগ করেন। এ ব্যাপারে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিমল চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে তার কিছু করার নেই। মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন। কর্মশালায় সভাপতির বক্তব্যে বিডিএমএ নাটোর শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি সরকার নাটোরের বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২০ জন মেডিকেল অ্যাসিস্টেন্ট নিয়োগ দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দেওয়া নিয়োগপত্র নিয়ে এসব তারা যোগ দিতে গেলে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তাদের যোগদান করতে দেননি। তিনি জানান, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে কাজ করানো হচ্ছে। এতে সরকারের মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা দেওয়ার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল সঙ্কট থেকে যাচ্ছে। কাজে যোগ দিতে পারছেন না এমন নিয়োগপ্রাপ্তদের একজন সঞ্জয় কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে লালপুর উপজেলায় চংধুপল পারিবারিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু সেখানে তিনি যোগ দিতে গেলে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। এ ব্যাপারে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিমল চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে আমার কিছুই করার নেই। আমি বিষয়টি আমার অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জানিয়েছি। মন্ত্রণালয়ে সমন্বয়হীনতার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমি ও আমার অধিদপ্তর এই নিয়োগ সম্পর্কে কিছুই জানি না।" তিনি বলেন, "মেডিকেল অ্যাসিস্টেন্টদের নিয়োগ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমার কেন্দ্রসমূহে তাদের বসার জায়গা নেই। আমি তাদের কোথায় বসতে দিবো? একই পদে আমাদের অধিদপ্তরের একজন করে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রয়েছে। তাই এ ধরণের নতুন কোন জনবলের প্রয়োজন নাই।" নবনিযুক্ত মেডিক্যাল অ্যাসিস্টেন্টদের অভিষেক ও বৈজ্ঞানিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিমল চন্দ্র সরকার ও ড্যাব নাটোর শাখার সভাপতি ডা.আমিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডিএমএ নাটোর শাখার সাধারণ সম্পাদক ডা. মহসীন আলী। জেলার ৬৯ জন মেডিকেল অ্যাসিস্টেন্ট ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুষ্ঠানে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৪৪ ঘ.