সাতক্ষীরা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সদস্যদের লাঠিপেটায় অন্তত ৫০জন আহত হয়েছেন। সোমবার সকালে একজন পৌর কমিশনারকে মারধরের প্রতিবাদরত বিক্ষুব্ধ লোকজনকে লাঠিপেটা করে বিডিআর সদস্যরা।
এ সময় বিডিআর সদস্যদের সঙ্গে লোকজনের সংঘর্ষ বেঁধে যায়। ফলে শহরের একাংশ প্রায় তিন ঘণ্টা অচল হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল।
ঘটনার সময় ছবি তুলতে গিয়ে চার সাংবাদিক বিডিআরের হাতে লাঞ্চিত হয়েছেন। সাংবাদিকরা প্রতিবাদ সভা করে দোষী বিডিআর কর্মকর্তার বিচার দাবি করেছেন।
এ ঘটনায় বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়- অচিরেই তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তির ব্যবস্থা করা হবে, কোনোপক্ষ মামলা করবে না এবং এটিএন বাংলার সাংবাদিক এম কামরুজ্জামানের ছিনিয়ে নেওয়া ভিডিও ক্যাসেট ফিরিয়ে দেওয়া হবে।
জেলা প্রশাসক কেফায়েত উল্লাহর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন ৪১ রাইফেল ব্যাটালিয়েনের লেফটেন্যান্ট কর্নেল সাইফুর রহমান, পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, যৌথবাহিনীর মেজর এনাম, পৌর চেয়ারম্যান আশরাফুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এর আগে বিকেলে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরার ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদুর রহমান। দুপুর ২ টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে বলেন, "বিকেল জেলা প্রশাসনের বৈঠকে আমরাও উপস্থিত থাকব। সেখানে আলোচনা করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।"
বিডিআরের মারধরে আহত পৌর কমিশনার শফিউদ্দৌলা সাগর সাতক্ষীরা সদর হাসপাতালে সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৮টা দিকে একজন বিডিআর সদস্য তাকে মোবাইলফোনে শহরের পাকাপুল মোড়ে ডেকে পাঠান। তিনি সেখানে আসতেই বিডিআর সদস্যরা তাকে জোর করে গাড়িতে তুলে মারধর করতে শুরু করেন।
সেখান থেকে শহরের সংগ্রাম হাসপাতালের সামনে এনে রাস্তার উপর তাকে আবার বেধড়ক পেটান বিডিআর সদস্যরা। এ খবর ছড়িয়ে পড়লে শহরের প্রধান প্রধান সড়কে নেমে এসে লোকজন এ ঘটনার প্রতিবাদ জানায়।
তার দাবি, কয়েক দিন আগে এক নারীকে নিয়ে শহরের একটি হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় বেলাল নামের এক বিডিআর সদস্যকে আটক করে লোকজন। ওই সময় তার মাধ্যমে লোকজন ওই বিডিআর সদস্য ও নারীটিকে সদর থানায় সোপর্দ করে।
এরই জের ধরে বিডিআর সদস্যরা প্রতিশোধ নিতে তাকে মারধর করে বলে পৌর কমিশনার দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ লোকজন গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এরই মধ্যে সাতক্ষীরার বিডিআর এর ৪১ ব্যটেলিয়নের অপারেশান অফিসার মেজর কামরুল হাসানের নেতৃত্বে বেশ কিছু বিডিআর জওয়ান ঘটনাস্থলে এসে লোকজনকে বেধড়ক লাঠিপেটা শুরু করে। এ সময় আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
আহতদের কয়েকজন হলেন- সাইদুল ইসলাম, হাসানুর রহমান, মুজিবর রহমান, আবুল কালাম, আবু জাফর, সবুজ, আবুল হোসেন, আবুল কালাম, শহিদুল ইসলাম, জুলফিকার আলী, কামরুল ইসলাম, রহিমা খাতুন, সুফিয়া খাতুন, নিমাই, বকুল, কুদ্দুস, আবুল গাজী।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেন আহতদের কয়েকজনকে বিডিআরের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের শহরের বিভিন্ন ক্লিনিকে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে বিডিআরের কোন সদস্য আহত হয়েছে কিন া তা জানা যায়নি।
সংঘর্ষ চলাকালে ছবি তুলতে গিয়ে বিডিআরের হাতে লাঞ্চিত হন এটিএন বাংলার রিপোর্টার এম কামরুজ্জামান, ফটোসাংবাদিক আলতাফ হোসেন বাবু, শাহিনুল হক লিটু ও মেহেদী আলী সুজয়।
দুপুরে সাংবাদিকরা প্রেসক্লাবে মিলিত হয়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছেন। অধ্যাপক আবু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে সাংবাদিক ও জনতার উপর হামলার নেতৃত্বদানকারী মেজর কামরুল হাসানের শাস্তি ও অপসারণ ও ক্ষতিপূরণ দাবি করা হয়। ৪৮ ঘন্টার মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেন তারা। পরে সাংবাদিকরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করে হামলার প্রতিবাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এমএইচবি/০০৪৯ ঘ.
bdnews24