২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর বাড়িতে অভিযান, এম কে আনোয়ারকে পাওয়া যায়নি

গ্যাটকো মামলার পরোয়ানাভুক্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বাড়িতে পুলিশের অভিযান চলছে। আরেক আসামি সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো মামলার পরোয়ানাভুক্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বাড়িতে পুলিশের অভিযান চলছে। আরেক আসামি সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় নিজামীর বাড়ির সামনে থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক লিটন হায়দার জানান, রাত পৌনে ১০টায় রমনা জোনের উপকমিশনার আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়ির সামনে অবস্থান নেয়। রাত ১০টার দিকে নিজামীর বাড়িতে ঢুকে পড়ে তারা। রাত পৌনে ১১টায় প্রবল বৃষ্টি পুলিশের অভিযান চলছে। বাড়ির সামনে কয়েক শ' জামায়াত-শিবির কর্মী জড়ো হয়ে অভিযানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। দলের সিনিয়র নেতারাও সেখানে আছেন। অন্যদিকে রাত পৌনে ১০টার দিকে এলিফ্যান্ট রোডে এম কে আনোয়ারের বাড়িতে অভিযান চালায় পুলিশের আরেকটি দল। তবে সাবেক এ মন্ত্রীকে বাসায় পাওয়া যায়নি বলে জানান রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার হামিদা পারভীন। তিনি জানান, এম কে আনোয়ারকে না পেয়ে তার বড় ছেলেসহ বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ফিরে আসে। সাবেক জোট সরকারের মন্ত্রী এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও মতিউর রহমান নিজামী রোববার গ্যাটকো দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলেও তাদের জামিন দেয়নি আদালত। হাইকোর্ট নিজামীর জামিন আবেদন খারিজ করে দিলে তিনি এই আদেশের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আপিল বিভাগের চেম্বার জজের কাছে আবেদন করেন। আগামী ২০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। এদিকে হাইকোর্ট নিজামীকে জামিন না দেওয়ায় এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম তাদের আবেদন ফিরিয়ে নেন। পরে শামসুল ইসলাম আত্মসমর্পণ করলে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। একই মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াও রোববার আত্মসমর্পণ করেন। তাকেও কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/জেকে/এসএনডি/এমএইচবি/ ২২৫৮ ঘ.