ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে ওয়াসা পুকুর থেকে রোববার পুলিশ অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে হত্যা বলে ধারণা করছে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় ওয়াসার দ্বিতীয় পুকুরপাড় থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরণে খয়েরী প্যান্ট এবং সাদা স্যান্ডো গেঞ্জি ছিল। শরীরে বড় ধরণের কোন আঘাতের চিহ্ন না থাকলেও কান দিয়ে রক্ত ঝরছিল।
মনিরুল ইসলাম বলেন, "প্রাথমিকভাবে আমরা এটাকে হত্যাকাণ্ড বলে মনে করছি। তবে ময়নাতদন্ত শেষে এটা নিশ্চিত করা যাবে।"
শ্যামপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এদিকে গত ১৬ মে শ্যামপুর থানার মীরহাজিরবাগ এলাকায় ডোবা থেকে উদ্ধার করা মাথা ছাড়া লাশের পরিচয় পাওয়া গেছে। এর আগে তাকে পরিবহন শ্রমিক কামাল হোসেন বলে ধারণা করা হলেও জানা গেছে, মৃতের নাম হারুন (১৮)। রোববার সকালে বোন ঝর্ণা বেগম মিটফোর্ড হাসপাতাল মর্গে এসে লাশ সনাক্ত করেন। বুকের কাটা দাগ দেখে লাশ চিহ্নিত করা হয়।
হারুন হক ব্রেড কোম্পানির বিক্রয় কর্মী ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২১৫৫ঘ.
bdnews24