২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং মাসোয়ারার ভিত্তিতে গোপনে জুয়া খেলার অনুমতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

বগুড়া, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং মাসোয়ারার ভিত্তিতে গোপনে জুয়া খেলার অনুমতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রোববার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন তার বিরুদ্ধে এই অভিযোগ করেন উপজেলার নান্দুরা গ্রামের মো. কামরুজ্জামান। তবে ওসি শাহিদুল ইসলাম শাহিন অভিযোগ অম্বীকার করে বলেছেন, কামরুজ্জামান থানার 'দালালি' করতেন। অপরদিকে কামরুজ্জামান দাবি করেন, তিনি থানার সোর্স হিসেবে কাজ করেন। কামরুজ্জামান তার লিখিত অভিযোগে বলেন, শিবগঞ্জের পীরব ইউনিয়নের নড়াইল গ্রামের বেলাল হোসেন ও কুমলিহার গ্রামের বাটালু মিয়ার কাছে তিনি ৪০ হাজার টাকা পান। সেই টাকা উদ্ধারের জন্য ওসি শাহিদুল ইসলাম শাহিনের শরণাপন্ন হলে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে সাত দিনের মধ্যে টাকা উঠিয়ে দেওয়ার কথা বলেন। পরে টাকা উদ্ধার করে দিতে না পারায় টাকা ফেরৎ চাইলে তাকে থানা থেকে বের করে দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, প্রতিসপ্তাহে ১৬ হাজার টাকার বিনিময়ে ওসি এলাকায় গোপনে আটটি জুয়ার আসর বসানোর চুক্তি করেন জুয়াড়িদের সঙ্গে। গত ১৭ এপ্রিল সাংবাদিকদের উপস্থিতিতে সহকারী পুলিশ সুপার (এএসপি) বাছির উদ্দিন ও গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি মুনির জুয়া খেলা অবস্থায় আট জন জুয়াড়িকে গ্রেফতার করে শিবগঞ্জ থানায় সোপর্দ করে। কামরুজ্জামান দাবি করেন, তিনি খবর দিয়ে জুয়াড়িদের গ্রেপ্তার করতে সাহায্য করেন। আর সে কারণে ওসি তার ওপর ক্ষিপ্ত হন। কামরুজ্জামান জানায়, ওইসব বিষয় নিয়ে ওসি তার বিরুদ্ধে তিনটি জিডি করেন। হত্যা মামলায় জড়ানোসহ আটকের হুমকি দেন তাকে। তিনি আরও জানান, শিবগঞ্জ থানার বিভিন্ন স্থানে বালু উত্তোলনসহ হেরোইন, ফেন্সিডিল ও গাজার অবৈধ ব্যবসা চলছে। থানায় অভিযোগ নিয়ে গেলে পাঁচ শ' টাকার কমে অভিযোগ নেওয় হয় না। এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কামরুজ্জামান থানার দালালি করতো। তাই তাকে থানা থেকে বের হয়ে যেতে বলেছি। সে আমার বিরুদ্ধে গণস্বাক্ষর ও মিথ্যা অভিযোগ আনতে পারে- এ ধারণা করে আমি আনবে তিনটি জিডি করছি।" ঘুষ নেওয়া এবং চুক্তিতে জুয়ার আসর বসতে দেওয়াসহ অন্যান্য অভিযোগ তিনি অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০০৯ ঘ.