ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশের ১১৬ টি ক্যাম্পে বসবাসরত ১ লাখ ৬০ হাজার উর্দূভাষী আটকেপড়া পাকিস্তানীর মধ্যে যারা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় নাবালক বা এর পরে জন্ম নিয়েছে তারা বাংলাদেশের নাগরিক বলে রায় দিয়েছে হাইকোর্ট।
আইন অনুযায়ী তারা ভোটার তালিকায় অন্তর্ভূক্তিসহ নাগরিক সুবিধা পাওয়ার যোগ্য বলেও অভিমত দিয়েছে আদালত। পাশাপাশি রিটকারী ১১ আটকেপড়া পাকিস্তানী নাগরিককে সরাসরি ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ মিরপুর-১১ নম্বর সেক্টরের ক্যাম্পের সংগঠন 'স্ট্র্যান্ডেড পাকিস্তানী ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট'-এর সভাপতি সাদাকাত খানসহ ১১ আটকেপড়া পাকিস্তানীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়।
আদালত রায়ে বলেছে, প্রধান নির্বাচন কমিশনার ২০০৭ সালের ১৪ জুন রাষ্ট্রপতির কাছে দেওয়া এক পত্রে ক্যাম্পে বসবাসরত উর্দূ ভাষাভাষীদের ভোটার করার বিষয়ে মতামত দিয়েছেন। এতে বলা হয়, বাংলাদেশের নাগরিকত্ব আইন অনুযায়ী ১১৬ টি ক্যাম্পে বসবাসরত ১ লাখ ৬০ হাজার উর্দূভাষাভাষী অবাঙালীর মধ্যে যাদের ১৯৭১ সালের ২৫ মার্চের পরে জন্ম হয়েছে এবং যারা ওই সময় নাবালক ছিল তারা বাংলাদেশের নাগরিক। তারা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া, ভোটার পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্রসহ সুবিধা পাওয়ার অধিকারী।
রিটকারী সাদাকাত খান হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, "আমরা এদেশে জন্ম নিয়েছি। কিন্তু এদেশের নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। কোন চাকরি পেতাম না। ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করতে পারতাম না। আজ আমরা বাংলাদেশের নাগরিকত্ব পেলাম। এতদিনের সমস্যার এখন সমাধান হলো।"
রিটকারীর কৌসুলী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, সংবিধান ও আইন অনুযায়ী ১৯৭১ সালের ২৫ মার্চের আগে যারা স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করতেন ও এর পরে যাদের জন্ম হয়েছে তারা বাংলাদেশের নাগরিক। তিনি হাইকোর্ট কর্তৃক নাগরিক ঘোষিত অবাঙালীর সংখ্যা প্রায় তিন লাখ বলে উল্লেখ করেন।
ব্যারিস্টার রফিক আরও বলেন, আদালতের এই রায়ের ফলে ভোটার হওয়া, ভোটার পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র পাওয়াসহ ২২টি নাগরিক সুবিধা পাবেন এসব মানুষ।
মোঃ সাদাকাত খানসহ ১১ আটকেপড়া পাকিস্তানীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গতবছরের ২৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের ওপর রুলনিশি জারি করেছিল। আদালত তাদের কাছে জানতে চেয়েছিল কেন বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী এসব মানুষকে ভোটার তালিকাভূক্ত করতে নির্দেশ দেওয়া হবেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৩৪ঘ.
bdnews24