২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য পৌর এলাকার বাইরেও মোবাইল নেটওয়ার্ক চায় মন্ত্রণালয়

পার্বত্য এলাকায় পৌরসভার বাইরেও মোবাইল ও ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক সম্প্রসারণে আগ্রহী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এজন্য উদ্যোগ নিতে সরকাকে অনুরোধ করবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য এলাকায় পৌরসভার বাইরেও মোবাইল ও ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক সম্প্র্রসারণে আগ্রহী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এজন্য উদ্যোগ নিতে সরকাকে অনুরোধ করবে তারা। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে শনিবার হোটেল শেরাটনে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দেশের ১০ ভাগের এক ভাগ এলাকা জুড়ে রয়েছে পার্বত্য চট্টগ্রাম। সেখানকার পৌর এলাকায় মোবাইল সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু পার্বত্য এলাকায় ২৫টি উপজেলায় বিটিটিবির এনালগ পদ্ধতিতে টেলিযোগাযোগ চলছে। এতে এসব এলাকা বাংলাদেশ থেকে পিছিয়ে আছে।" তিনি বলেন, "সরকারের কাছে আমরা পার্বত্য এলাকায় পৌর এলাকার বাইরেও মোবাইল ও ডিজিটাল টেলিফোন সংযোগ দেওয়ার উদ্যোগ নিতে বলব। বলা হয়ে থাকে, পার্বত্য এলাকায় মোবাইল টেলিফোন সুবিধা দিলে রাষ্ট্রবিরোধীরা সুবিধা পাবে। কিন্তু আমি বলি, তাদের কাছে এর চেয়ে ভালো যন্ত্র আছে। পুরো বিষয়টি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে।" প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় আলাদা না রেখে একটি সমন্বিত মন্ত্রণালয় করার প্রস্তাব করেন। অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার বলেন, "সরকার তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপনের কাজ চলছে।" বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম বলেন, "শারীরিক প্রতিবন্ধীদের তথ্য প্রযুক্তির পরিবারে যুক্ত করতে হবে। এ যুগে সমাজের অনগ্রসর শ্রেণী, বিশেষ করে প্রতিবন্ধীদের জন্য তথ্য প্রযুক্তির দুয়ার খুলে দেওয়া আমাদের কর্তব্য। তথ্য প্রযুক্তিকে কাজ লাগিয়ে প্রতিবন্ধী মানুষ সমাজ ও পরিবারে অবদান রাখতে পারবে।" অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। এছাড়া, বক্তব্য দেন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলীম। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের উদ্যোগে ১৯৭০ সাল থেকে প্রতিবছর ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় 'প্রতিবন্ধীদের সম্পৃক্ত করা: তথ্য প্রযুক্তির সুযোগ সবার জন্য।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএআর/এসএনডি/এমএ/১৬৩৫ ঘ.