কক্সবাজার, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চকরিয়া থানায় পুলিশের পিটুনিতে নিহত কৃষক সিরাজুল ইসলামের পরিবার এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। এছাড়া তার পরিবারে সদস্যরা অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, লাশের পুনর্ময়না তদন্তসহ বিভিন্ন দাবি জানিয়েছে।
এসব দাবিতে শুক্রবার সারা দিন লাশ দাফন করে ফেলে রাখেন পরিবারের সদস্যরা। পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, চাইলে লাশের পুনর্ময়না তদন্তের আশ্বাস দিলে তারা লাশ দাফন করতে রাজি হন।
গত বুধবার রাতে চকরিয়া থানায় পুলিশের পিটুনিতে সিরাজুল ইসলাম মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার স্থানীয়দের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিরাজুলের বাবা মোহাম্মদ কালু মিয়া হত্যার অভিযোগ এনে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপ-পরিদর্শকসহ চারকে আসামি করে উপজেলা বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেছেন।
ওই কৃষকের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে চকরিয়া থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল ময়না তদন্ত শেষে শুক্রবার সকালে লাশ নিহতের গ্রামের বাড়ি উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ভিলেজারপাড়ায় পৌঁছে দেওয়া হয়।
তবে নিহত সিরাজুল ইসলামের মেয়ে রায়হানা আকতার (১৮) ও ভাই নুরুল আবছার সাংবাদিকদের কাছে দাবি করেন, লাশ তাদের বুঝিয়ে দেওয়া হয়নি। সকাল ১০টার দিকে তাদের বাড়ির উঠানে লাশটি পাওয়া যায়। কে বা কারা লাশটি উঠানে রেখে যায় তারা জানে না।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক বলেন, "কোন অবস্থাতেই এলাকার মানুষকে শান্ত করা যাচ্ছিল না। পরে বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. দেলোয়ার হোসেন, পুলিশ সুপার বনজ কুমার মজুমদার, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম ও ডিজিএফআই কর্মকর্তা মেজর মেহেদী হাসান নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসীদের আশ্বাস দেন- ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার চাইলে একাধিকবার লাশের ময়না তদন্ত করা হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সন্ধ্যার পর লাশ দাফনের সিদ্ধান্ত হয়।"
নিহত সিরাজুল ইসলামের মা মাহমুদা আকতার (৬৫) সাংবাদিকদের জানান, পুলিশ পাহারাই যে ময়না তদন্ত হয়েছে তা কোন অবস্থাতেই সঠিক হবে না। তাই আবার নিরপেক্ষভাবে ময়না তদন্ত করতে হবে।
তিনি বলেন, "যারা তার ছেলেকে হত্যা করলো তাদের কোন শাস্তির ব্যবস্থাই নেওয়া হয়নি।"
নুরুল আবছার বলেন, শুধু তাদের পরিবার নয়, পুরো এলাকাবাসীই এই ঘটনায় ক্ষুব্ধ। এলাকাবাসীরাও চায় না পুলিশের শাস্তির ব্যবস্থা না করে লাশ দাফন করা হোক।
তিনি বলেন, "প্রয়োজনে লাশ থানায় পাঠিয়ে দেওয়া হবে।"
নুরুল আবছর বলেন, "এলাকাবাসীর দাবি- দোষী পুলিশদের বিচারসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, লাশের পুনর্ময়না তদন্ত ও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।"
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দা মোকতার আহমদ বলেন, "যারা নির্যাতন চালিয়ে একজন মানুষকে হত্যা করলো তাদের বিরুদ্ধে কোন মামলা হলো না। অথচ সাধারণ মানুষের নামে জরুরি আইনে মামলা হয়েছে। এই মামলা অবশ্যই প্রত্যাহার করতে হবে।"
পুলিশ সুপার বনজ কুমার মজুমদার বিকালে চকরিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, "সিরাজুল ইসলাম পুলিশের নির্যাতনে মারা যায়নি। হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।"
তিনি বলেন, "সিরাজুল ইসলামকে তো থানাতেই ডেকে আনা হয়নি। তার ছেলেকে ডেকে আনা হয়েছিল।"
পুলিশ সুপার জানান, অভিযুক্ত উপ-পরিদর্শক হাফিজুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, "আমরা নিহতের বাড়িতে গিয়েছিলাম। তার পরিবারের সদস্যদের দাবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর তারা লাশ দাফনে রাজি হয়েছে। প্রয়োজন হলে লাশের পুনর্ময়না তদন্ত করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৭ ঘ.
bdnews24