২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহীম হত্যা মামলায় দুই ছিনতাইকারীর মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব ইব্রাহীম জামানকে হত্যার দায়ে দুই ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড এবং অপর দুই ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব ইব্রাহীম জামানকে হত্যার দায়ে দুই ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড এবং অপর দুই ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মোহাম্মদ নূরুল হুদা এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শহিদুল ও আবদুর রশিদ গুড্ডু। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. জসীম এবং মো. শহীদ। রায়ে জসীম ও শহীদকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিবরণে বলা হয়, ২০০৪ সালের ২২ নভেম্বর রাতে রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে চার ছিনতাইকারী ইব্রাহীম জামানকে ঘিরে ফেলে। তিনি আত্মরক্ষার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার বুকে ছুরি মেরে পালিয়ে যায়। গুরুতর আহত ইব্রাহীমকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল কাশেম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারকালে ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহিদুল ইসলাম সরদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২১৩৮ ঘ.