২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পার্বত্য জেলায় মোবাইল নেটওয়ার্ক চালু

পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়ছড়ি ও বান্দরবানের পৌর এলাকায় মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 11:58 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাঙামাটি থেকে দিনাজপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার মধ্য দিয়ে মোবাইল নেটওয়ার্ক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এমএ মালেক ও চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়।

মোবাইল ফোনে প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির যোগাযোগ মাধ্যম মোবাইল ফোন চালুর মধ্য দিয়ে তিন পার্বত্য জেলায় ব্যবসা-বাণিজ্য, কৃষি পর্যটনসহ সর্বক্ষেত্রে উন্নয়নের গতি ত্বরাম্বিত হবে। জীবনমানের উন্নয়ন ঘটবে পার্বত্যাঞ্চলে বসবাসরত সকল জনগোষ্ঠীর। এ অঞ্চলের উন্নয়নের প্রতি বর্তমান সরকারের বিশেষ নজর থাকবে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক এই তিন পার্বত্য জেলায় নেটওয়ার্ক চালু করেছে। তবে তাদের নেটওয়ার্ক স্থাপনা ব্যবহার করে অন্য মোবাইল ফোন কোম্পানি কার্যক্রম চালাতে পারবে।

গত বুধবার থেকে রাঙ্গামাটিতে প্রাথমিকভাবে গ্রামীণফোন নেটওয়ার্ক চালু হয়েছে। প্রাথমিকভাবে এক সঙ্গে ৪৮ জন ব্যবহারকারী কথা বলতে পারবেন বলে গ্রামীণফোনের একজন কর্মকর্তা জানিয়েছেন।

১০ মে টেলিটক বান্দরবান ও রাঙামাটি জেলা শহরে পরীক্ষামূলক কার্যক্রম চালায়। ১১ মে পরীক্ষামূলক কার্যক্রম চলে খাগড়াছড়িতে। এই তিন জেলায় দুটি করে বেস স্টেশন স্থাপনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত অনুযায়ী, সবগুলো মোবাইল ফোন কোম্পানিকে একই নেটওয়ার্ক স্থাপনা ব্যবহার করে পার্বত্য জেলাগুলোতে কার্যক্রম চালাতে হবে। অন্য কোম্পানিগুলোও যত দ্রুত সম্ভব ওই এলাকায় কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে।

রাঙামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত তিন পার্বত্য জেলায় টেলিটক মোবাইল নেটওয়ার্ক সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এমএ মালেক বলেন, প্রধান উপদেষ্টা তার অঙ্গীকার পূরণ করেছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অবহেলিত রেখে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাদেরকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। এজন্য সকলকে সহযোগিতা করতে হবে।

তিন পার্বত্য জেলার সব এলাকার মানুষকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা যায় কিনা সেটা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ আধুনিক তথ্য প্রযুক্তি মোবাইল ফোন ব্যবহারের মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবেন। এর পাশাপাশি এ অঞ্চলের সার্বিক শান্তি শৃংখলা স্থিতিশীল রাখতে সচেষ্ট হবেন।

তিনি আরও বলেন, এ সরকার জনগণের স্বার্থে যা করার তা করে যাবে। পিছিয়ে পড়া মানূষদের জন্য কাজ করে যাবে। আজকের মোবাইল নেটওয়ার্ক উদ্বোধনের মধ্য দিয়ে প্রমাণ হল পার্বত্যাঞ্চলের মানূষ এদেশেরই মানুষ এবং এ দেশেরই অবিচ্ছেদ্য অংশ।

জেলা প্রশাসক নূরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাব আলী, সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুল মোমিন ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান জগৎ জ্যোতি চাকমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের টেলিটকের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

গত ২৭ মার্চ প্রধান উপদেষ্টা রাঙামাটি সফরে এক মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলার পৌর এলাকায় সীমিত আকারে মোবাইল নেটওয়ার্ক চালুর ঘোষণা দেন। এরপর বিটিআরসি গত ৫ মে আনুষ্ঠানিকভাবে মোবাইল ও পিএসটিএন অপারেটরদের কাজ শুরুর অনুমতি দেয়।