সাভার, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাক্ষর জাল মামলায় সাজাপ্রাপ্ত সাভারের মির্জা গোলাম হাফিজ কলেজের সাবেক অধ্যক্ষ হারুর-উর-রশিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় আনা হয়। হারুন-উর-রশিদ দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার কালিগঞ্জ এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
১৯৯৭ সালের ৫ জুলাই হারুন-উর-রশিদ সাভার উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএমএম আজাদ চৌধুরীর স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক সাভার শাখা থেকে তিন লাখ ৪০ হাজার ৫৫০ টাকা তুলেছিলেন।
এ ঘটনায় ওই বছর ৭ জুলাই ইউএনও সাভার থানায় একটি মামলা (নম্বর-১৬) করেন। এর পর থেকে হারুন-উর-রশিদ আত্মগোপনে ছিলেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, ২০০৬ সালের ৩ মে ঢাকার জেলা যুগ্ম জজ হারুন-উর-রশিদকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দেন।
তিনি জানান, গ্রেপ্তারের পর থেকে তার দণ্ড কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৬ ঘ.
bdnews24