ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, মান্নান ভুঁইয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে আগামী ২২ মে কারাগারে থাকা সব আসামিকে আদালতে হাজির এবং পলাতক আসামিদের গ্রেপ্তার করা গেল কিনা সে সম্পর্কিত তথ্য আদালতে দাখিল করার জন্য পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট আদালতের সেরাস্তা সহকারী নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বৃহস্পতিবার সকাল ১০টায় মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতদের বিচারক মো: আজিজুল হক এ আদেশ দেন।
মামলায় অভিযুক্ত খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া খালেদা জিয়া সহ সব আসামীকে ২২ মে আদালতে হাজির করার নির্দেশও দিয়েছে আদালত।"
গত ১৩ মে গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং মতিউর রহমান নিজামীসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।
এদের মধ্যে সাবেক নৌ পরিবহনমন্ত্রী আকবর হোসেন মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
অভিযোগপত্রে এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১২ জনকে পলাতক দেখানো হয়েছে।
১৪ মে ওই অভিযোগপত্রটি মহানগর বিশেষ জজ আদালতে স্থানান্তরিত করার পর বৃহস্পতিাবর আদালত এ রায় দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিবি/এফএফ/জিএনএ/১০৪৬ ঘ.
bdnews24