ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমান আদালত রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে নকল বোতলজাত পানি তৈরির দায়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে।
ভ্রাম্যমান আদালত বিভিন্ন অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করেছে।
নকল বোতলজাত পানি তৈরির দায়ে গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ার হোসেন (২০), সাইফুল ইসলাম (৩০), মোজাফফর আলী (৩৫), মোঃ আলমগীর (৩০), করিম খান (২৫) ও আবুল কাশেম (৩০)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নকল পানি তৈরির দায়ে পৃথক চারটি কারখানা থেকে দুই লাখ পাঁচ হাজার টাকা আদায় করে আদালত।
এছাড়া মেরুল বাড্ডা এলাকার একটি বিস্কুট তৈরির কারখানা ও একটি হারবাল প্রতিষ্ঠান থেকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/০০৩২ঘ.
bdnews24