ঢাকা, ১৪ মে, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন চেয়ারম্যান ও দুজন ভাইস চেয়ারম্যানকে সরাসরি ভোটে নির্বাচিত করার বিধান রেখে উপজেলা পরিষদ অধ্যাদেশ ২০০৮ নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। দুই ভাইস চেয়ারম্যানের মধ্যে অন্তত একজন হবেন নারী।
বুধবার বিকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
১৯৭২ সালের ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ অর্ডার সংশোধনের প্রস্তাবটি এদিন উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, উপজেলা পরিষদ অধ্যাদেশে সরাসরি ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করার বিধান রাখা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলার আওতাধীন পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলা সদস্যরা উপজেলা পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন।
নির্বাচনের ফল নিয়ে কারো আপত্তি থাকলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইবুনালে মামলা করতে হবে। দায়েরের ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। কেউ রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে মামলা নিষ্পত্তির ৩০ দিনের মধ্যে তা করতে হবে। আপিল করার ১২০ দিনের মধ্যে আপিলের নিষ্পত্তি করতে হবে। নির্বাচনী ট্রাইবুনাল ছাড়া অন্য কোনো আদালতে এ সংক্রান্ত আপত্তি উত্থাপন করা যাবে না।
রাজনৈতিক দলের নেতারা উপজেলা পরিষদ নির্বাচন করতে পারবেন। তবে নির্বাচিত হলে শপথ নেওয়ার আগে তাকে দলীয় পদ ছাড়তে হবে।
এছাড়া 'আমি অযোগ্য নই'- এই মর্মে হলফনামা দিতে হবে প্রার্থীকে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেয়ার সময় হলফনামার মাধ্যমে সম্পত্তির হিসাব ঘোষণা করতে হবে।
কোনো ব্যক্তি মনোনয়নপত্র জমা দেওয়ার এক বছর আগে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা কিস্তি খেলাপী হলে, উপজেলা পরিষদের তহবিল তসরুফের কারণে দণ্ডপ্রাপ্ত হলে; ফেরারি আসামি হয়ে থাকলে; জাতীয় বা আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন।
অধ্যাদেশে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে ব্যর্থতার জন্য দণ্ডের বিধান রাখা হয়েছে। ক্ষমতা হস্তান্তরে দেরি হলে আগের পরিষদের প্রতিনিধিদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পাশাপাশি ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধানও রাখা হয়েছে। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার সামনে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার গত জানুয়ারিতে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত আইন সংশোধন করে এ নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার নির্বাচন কমিশনের হাতে দেয়। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচনের তারিখ দিত।
ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ অর্ডার সংশোধনের ব্যাপারে ফাহিম মুনয়েম জানান, বর্তমান বিধান অনুযায়ী সরকারের বোর্ড সদস্যদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ দেয়ার কথা। এই বিধান সংশোধনের ফলে সরকার এখন থেকে একজন সচিব বা অতিরিক্ত সচিবকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে পারবে।"
এর আগে আইনে সচিব বা অতিরিক্ত সচিব পর্যায়ের কাউকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান করার সুযোগ না থাকলেও সরকার একাধিকবার এ বিধি লংঘন করেছে। বিধানটি সংশোধনের মধ্য দিয়ে সরকার এ প্রক্রিয়াটিকে আইনী ভিত্তি দিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/জেকে/এসকে/২১১৯ঘ.
bdnews24