২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপত্তি জানিয়ে ২ সপ্তাহে আবেদন জমা পড়েছে ১২টি

নির্বাচন কমিশনের (ইসি) পুনর্নির্ধারিত সীমানার বিরুদ্ধে আপত্তি জানিয়ে দুই সপ্তাহে আবেদন জমা পড়েছে ১২টি। বুধবার শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম-৭ নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে ইসির কাছে আপত্তি জানিয়ে আবেদন করেন। এ নিয়ে ১২টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশন সচিবালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন কমিশনের (ইসি) পুনর্নির্ধারিত সীমানার বিরুদ্ধে আপত্তি জানিয়ে দুই সপ্তাহে আবেদন জমা পড়েছে ১২টি। বুধবার শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম-৭ নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে ইসির কাছে আপত্তি জানিয়ে আবেদন করেন। এ নিয়ে ১২টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশন সচিবালয়ে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান, সীমানা পুনর্নির্ধারণের আপত্তি জানিয়ে এ পর্যন্ত মাত্র এক ডজন আবেদন জমা পড়েছে। গত ২৯ এপ্রিল সীমানা পুনর্নির্ধারণের খসড়া গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন এ বিষয়ে আপত্তি থাকলে তা জানানোর জন্য ১ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়। অন্য আবেদনকারীরা হলেন- বিএনপি'র সাবেক সাংসদ মোশারফ হোসেন মংগু (মুলাদি, বরিশাল-৩) ও ডা. মো. রুস্তম আলী ফরাজী (মঠবাড়িয়া, পিরোজপুর); আওয়ামী লীগের সাবেক সাংসদ মো. আখতারুজ্জামান (কালিগঞ্জ, গাজীপুর); মিজানুর রহমান খান (মতলব, চাঁদপুর); মোহাম্মদ শাহিন (আগানগর, কেরানিগঞ্জ); শেখ আলাউদ্দিন (ফুলপুর, ময়মনসিংহ); আলহাজ্ব গোলাম সরওয়ার ফোরকান (আমতলী, বরগুনা); মোজাম্মেল হক (আমতলী, বরগুনা) এবং সাবেক সাংসদ একেএম ফজলুল হক (সাতক্ষীরা-৫)। এছাড়া জাতীয় পার্টির রওশন এরশাদ (ময়মনসিংহ) ও রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী) নিজেদের আসন সীমানা নিয়ে আবেদন জানিয়েছেন। নিয়মানুযায়ী পাঁচ কপি করে আবেদন করার কথা থাকলেও প্রাথমিকভাবে এই দুই নেতা এক কপি করে আবেদন জমা দিয়েছেন বলে জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা। গত ২৯ এপ্রিল ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত খসড়া গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১৩৩ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়। ১৩৩ আসনের নির্বাচনী এলাকার পুনর্বিন্যাসে দেখা যায়, ছোটখাটো পরিবর্তন হয়েছে ৩২টি আসনে, একাধিক এলাকার সমন্বয়ে পুনর্নির্ধারিত আসনের সংখ্যা ৩৯টি এবং পুনর্গঠন করা হয়েছে ২০টি আসন এবং অন্যান্য পরিবর্তন হয়েছে ৪২টি আসনে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা জানান, ২৫ জুনের মধ্যে আপত্তি মীমাংসা করে ৩০ জুনের মধ্যে সীমানা নির্ধারণ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ইতোমধ্যে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের পুরো প্রক্রিয়াটি স্থগিত রাখার আহ্বান জানান। এদিকে সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ জানাতে হাইকোর্ট ১২ মে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারকে আদেশ দিয়েছে। ঢাকা-২ (নবাবগঞ্জ) আসনের সাবেক বিএনপি সাংসদ আবদুল মান্নানের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। গত ১৩ মে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে হাইকোর্টের রুল জারি প্রসঙ্গে সিইসি বলেন, রিট হয়েছে জেনেছি। এখনো কাগজপত্র পাই নি। আমরা রিটের জবাব দেব।" এ বিষয়ে তিনি মন্তব্য করেন, আইনি লড়াইয়ের মাধ্যমে তা নিষ্পত্তি হবে- এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আমরা শক্ত ভিতের মধ্যে দাঁড়িয়ে আছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এমএ/১৮৫০ ঘ.