২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চাঁদাবাজির অভিযোগে খুলনা রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও সাপ্তাহিক দুর্নীতিচিত্র পত্রিকার ব্যুরো প্রধান এস এম জামান, ওই পত্রিকার প্রতিবেদক রফিকুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে বুধবার সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

খুলনা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে খুলনা রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও সাপ্তাহিক দুর্নীতিচিত্র পত্রিকার ব্যুরো প্রধান এস এম জামান, ওই পত্রিকার প্রতিবেদক রফিকুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে বুধবার সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা হয়েছে। ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ এনে পাইকগাছা উপজেলার হাওলী গ্রামের একটি মৎস্য ঘেরের মালিক নির্মল চন্দ্র মণ্ডল মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মাসুদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার এজাহারে বলা হয়েছে, ঘের সংক্রান্ত বিরোধের একটি ঘটনায় নির্মল মণ্ডল পাইকগাছা থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। পরে তিনি খুলনার ডিআইজি অফিসে অভিযোগ করতে এলে তার সঙ্গে আসামিদের পরিচয় হয়। আসামিরা মামলা করিয়ে দেওয়ার কথা বলে ২০০৭ সালের ২০ নভেম্বর নির্মল চন্দ্রের কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করে।" নির্মল চন্দ্র ২০ হাজার আসামিদের দেন বলে এজাহারে অভিযোগ করেছেন। পরবর্তীতে আসামিরা এ বিষয়ে নির্মল চন্দ্রের সঙ্গে আর কোনও যোগাযোগ না করায় তিনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে বিষয়টি আনেন বলে পুলিশ কর্মকর্তা মাসুদ জানান। তিনি জানান, ঘটনার তদন্তে সত্যতা পাওয়ায় বুধবার মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার অপর আসামি হলেন, দুই সাংবাদিকের সহযোগী মাহতাব উদ্দীন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৭ ঘ.