২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ডুবে যাওয়া লঞ্চের আরও তিন যাত্রীর লাশ উদ্ধার

উদ্ধার অভিযান শেষ হওয়ার পর কিশোরগঞ্জের ঘোড়াউত্রা নদীতে ডুবে যাওয়া লঞ্চের আরও তিন যাত্রীর লাশ বুধবার ভেসে উঠেছে। এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা বেড়ে ৪৭-এ দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান মঙ্গলবার বিকালেই শেষ করা হয়েছে। তবে এখনও অনেক যাত্রীর খোঁজ না মেলায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

কিশোরগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্ধার অভিযান শেষ হওয়ার পর কিশোরগঞ্জের ঘোড়াউত্রা নদীতে ডুবে যাওয়া লঞ্চের আরও তিন যাত্রীর লাশ বুধবার ভেসে উঠেছে। এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা বেড়ে ৪৭-এ দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান মঙ্গলবার বিকালেই শেষ করা হয়েছে। তবে এখনও অনেক যাত্রীর খোঁজ না মেলায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা থেকে এমভি চাঁনপুর নামে ওই যাত্রীবাহী লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে মিঠামইন উপজেলায় আসার পথে নিকলীর সিংপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার কাছে সোমবার বিকালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার রাতেই চারটি লাশ উদ্ধার করা হয়। পরদিন পাওয়া যায় ৪৪টি লাশ। মৃতদের বেশিরভাগের বাড়িই মিঠামইন উপজেলায়। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর বুধবার ভোররাতের পর থেকে সকাল পর্যন্ত বাজিতপুরের তপন কুমার সাহা (৪৫), সুজিত কুমার (২২) এবং মিঠামইনের রাসেলের (২৫) লাশ ভেসে ওঠে। হারানো স্বজনের সন্ধান না পেয়ে অনেকেই দুর্ঘটনাস্থল ছাড়তে চাইছেন না। তবে উদ্ধারকর্মীরা বলছেন, লঞ্চের ভেতর এখন আর কোনও লাশ নেই। লঞ্চটি পুরোপুরি উদ্ধার করা না গেলেও কূলের কাছে নিয়ে আসা হয়েছে বলে তারা জানিয়েছেন। মিটামইনের মহিষাকান্দি গ্রামের মুমিন উদ্দিন সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধার অভিযান অব্যাহত থাকলে আরও লাশ পাওয়া যেত। আমার আত্মীয় রাসেলের লাশ ভেসে এসেছে অভিযান শেষ হওয়ার পর। এর রকম আরও অনেকের সন্ধানও পাওয়া যাচ্ছে না।" নিখোঁজ আলেয়া খাতুনের স্বামী মিটামইনের রেনু মিয়া এবং বাজিতপুরের নিখোঁজ সোহেল (৭) এর বাবা সগির মিয়ার মতো অনেকেই এখনও নদীর তীরে দাঁড়িয়ে রয়েছেন। তাদের ধারণা, লঞ্চটি তীরে উঠালে তাদের স্বজনদের লাশটি অন্তত মিলবে। উদ্ধার অভিযান সমাপ্ত করার অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক স্পিকার মিঠামইন এলাকার বাসিন্দা আব্দুল হামিদও। তিনি সাংবাদিকদের বলেন, "লঞ্চটিকে উদ্ধার না করেই অভিযান বন্ধ করা ঠিক হয়নি।" উদ্ধার অভিযানে সমাপ্তি টানার বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোলতান আহম্মেদ সাংবাদিকদের বলেন, "লঞ্চের ভেতরে লাশ নেই- ডুবুরী দল তা নিশ্চিত হওয়ার পরই অভিযান বন্ধ করা হয়েছে।" উদ্ধার কাজে দায়িত্ব পালনকারী বিআইডাব্লিওটিএ-এর পরিচালক (নৌসংরক্ষণ ও পরিচালনা) এমদাদুল হক বলেন, "ভৈরব সেতুর উচ্চতার কারণে রুস্তমের মত উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে আসতে পারছে না। তাই তিনটি কার্গোর সহায়তায় লঞ্চটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত এটাকে তীরের কাছে আনা সম্ভব হয়েছে, সম্পূর্ণরূপে উদ্ধার করা সম্ভব হয়নি।" লঞ্চের ভেতর আর কোনও লাশ নেই জানিয়ে তিনি বলেন, "মঙ্গলবার রাতের পর যে তিনটি লাশ পাওয়া গেছে, সেগুলো ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ভেসে উঠে।" লঞ্চ ডুবে যাওয়ার পরপরই এ লাশগুলো ভাটির দিকে সরে গেছে বলে এমদাদুল হক ধারণা করছেন। উদ্ধার কাজে অংশ নেওয়া দমকল বাহিনীর সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, "লঞ্চের ভেতর লাশ নেই, তবে অনেক মালামাল রয়েছে। ডুবুরীদের পক্ষে মালামাল তোলা সম্ভব নয়।" এ নৌদুর্ঘটনা তদন্তে বিআইডাব্লিওটিএ-এর উপ-পরিচালক মোহাম্মদ হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুল ইসলামের নেতৃত্বে এক সদস্যের একটি তদন্ত কমিটিও কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৮ ঘ.