২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ দুর্ঘটনা: ট্রেনচালক ও স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত, রেল চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল দুর্ঘটনার ১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে আশুগঞ্জের স্টেশন মাস্টার এবং দুর্ঘটনা কবলিত একটি ট্রেনের চালকসহ কয়েকজনকে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। (আরও তথ্যসহ-৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 06:28 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ব্রাহ্মণবাড়িয়া, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল দুর্ঘটনার ১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে আশুগঞ্জের স্টেশন মাস্টার এবং দুর্ঘটনা কবলিত একটি ট্রেনের চালকসহ কয়েকজনকে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে আশুগঞ্জ স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস এবং নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন দুটির সংঘর্ষ হয়। এতে আট জন নিহত এবং ৩০ জন আহত হয়। ওই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে রেললাইন চলাচল উপযোগী করে। বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। দুর্ঘটনার কারণে এ ট্রেনটি আশুগঞ্জে আটকা পড়ে। যোগাযোগ সচিব ড. মো. মাহবুবুর রহমান বুধবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, "উপবন এক্সপ্রেসের চালক ও আশুগঞ্জের স্টেশন মাস্টারের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তাই আশুগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার, উপবনের চালক, সহকারী চালক ও নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।" তবে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আতাউল কিবরিয়া সাংবাদিকদের জানান, স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টারসহ আশুগঞ্জ স্টেশনের সব কর্মচারীরা দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। পুলিশ পুরো স্টেশন ঘেরাও করেও তাদের কাউকে খুঁজে পায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী নূর মোহাম্মদের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে যোগাযোগ সচিব বলেন, "কমিটিকে বুধবার রাতের মধ্যেই রিপোর্ট দিতে বলা হয়েছে।' মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সিলেটগামী উপবন এক্সপ্রেস আশুগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা নোয়াখালী এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নোয়াখালী এক্সপ্রেসের তিনটি বগি দুমড়ে-মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় উপবন এক্সপ্রেসেরও ইঞ্জিনসহ কয়েকটি বগি। আশুগঞ্জ থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় কমপক্ষে আট জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। তাদের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতাল এবং আশুগঞ্জের নূর মেডিকেলে ভর্তি করা হয়েছে। হতাহতদের মধ্যে নোয়াখালী এক্সপ্রেসের গার্ড তাজুল ইসলামও রয়েছেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। কামরুজ্জামান বলেন, "স্টেশনে দাঁড়িয়ে থাকা নোয়াখালী এক্সপ্রেসকে সিলেটগামী উপবন একই লাইনে এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নোয়াখালী এক্সপ্রেসের দুটি বগি ছিটকে লাইনের ধারে পড়ে যায়।" রেল স্টেশনের কর্মচারীদের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নোয়াখালী এক্সপ্রেসের যাত্রী আমিনুল ইসলাম। দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আব্দুল হাই রাতেই ঘটনাস্থলে যান এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন। রাত সোয়া ২টার দিকে ঢাকা ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু হবে। স্থানীয় পুলিশ ও দমকল কর্মীরা এর আগেই দুর্ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৩০ ঘ.