২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিশ্বাসই হচ্ছে না বেঁচে আছি'

হঠাৎ চারদিক কালো হয়ে দমকা বাতাসে লঞ্চটি দুলতে থাকলে আর সব যাত্রীর মতোই দিশেহারা হয়ে কী করবেন বুঝতে পারছিলেন না ফখরুল হাসান মাসুদ। লঞ্চটি কাত হয়ে ডুবতে থাকলে নিচ তলায় থাকা ফখরুল একটি টেবিল দিয়ে ধাক্কায় জানালার কাচ ভেঙে বাইরে ঝাঁপ দেন। সোমবার কিশোরগঞ্জে ঘোড়াউত্রা নদীতে ডুবে যাওয়া লঞ্চের এ যাত্রীর বাঁচার রুদ্ধশ্বাস কাহিনী জানাচ্ছেন মাহমুদ শরীফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

মাহমুদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হঠাৎ চারদিক কালো হয়ে দমকা বাতাসে লঞ্চটি দুলতে থাকলে আর সব যাত্রীর মতোই দিশেহারা হয়ে কী করবেন বুঝতে পারছিলেন না ফখরুল হাসান মাসুদ। লঞ্চটি কাত হয়ে ডুবতে থাকলে নিচ তলায় থাকা ফখরুল একটি টেবিল দিয়ে ধাক্কায় জানালার কাচ ভেঙে বাইরে ঝাঁপ দেন। প্রচণ্ড ঢেউয়ের তোড়ে 'ডুবছি-ভাসছি' করে আধঘণ্টা পরে তীরে উঠলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এ বিক্রয়কর্মীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে এক রাখাল। সোমবার কিশোরগঞ্জে ঘোড়াউত্রা নদীতে ডুবে যাওয়া লঞ্চের এ যাত্রীর বাঁচার রুদ্ধশ্বাস কাহিনী জানাচ্ছেন মাহমুদ শরীফ। ২৭ বছর বয়সী ফখরুলের বাড়ি নোয়াখালী জেলা শহরের হরিনায়ায়ণপুর গ্রামে। কর্মস্থল কিশোরগঞ্জের ভৈরবে। লঞ্চ ডুবে যাওয়ার পর তিনি 'কীভাবে যেন' সাঁতরে ঘোড়াঘাটি নামক জায়গায় পৌঁছান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তার কাছে কীভাবে বেঁচে আসলেন জানতে চাইলে তিনি জবাব দেন, "বেঁচে আছি বিশ্বাসই হচ্ছে না।" ঘটনার বর্ণনায় তিনি জানান, বেলা সাড়ে চারটার দিকে বাতাস শুরু হয়, সেই সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি। এ সময় নদীতে প্রচণ্ড জোয়ার এবং ঢেউ ছিল। তারপর হঠাৎ ঘন মেঘে চারদিক কালো হয়ে আসে। শুরু হয় দমকা বাতাস। তখন কিছু বুঝে ওঠার আগেই লঞ্চ প্রচন্ডভাবে দুলতে থাকে। সঙ্গে সঙ্গে নিচের অংশ ডুবে যায় । বাতাস উত্তর থেকে দক্ষিণ দিকে বইছিল তাই সব যাত্রীরা লঞ্চের উত্তর দিকে চেপে যায়। একদিকে কাত হয়ে যাওয়ার ফলে লঞ্চ আরও দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফখরুল বলেন, "এ সময় সারেংকে লঞ্চটি কিনারার দিকে নিতে বলি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই এক মুহুর্তেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। সে সময় মনে হচ্ছিল খুব রহস্যময় কিছু একটা ঘটছে। যেটা ঠিক বলে বোঝানোর মত নয়।" পারটেক্সের বিক্রয়কর্মীটি জানান, এসময় ছাদে থাকা যাত্রীরা নদীতে লাফিয়ে পড়তে থাকে। "আর লঞ্চ যখন পুরোপরি ডুবে যাচ্ছিল তথন আমরা যারা নিচ তলায় ছিলাম বুঝতে পারছিলাম না কী করা উচিত। ঘটনা এত দ্রুত পাল্টাতে থাকে যে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার মত সময় ছিল না।" ফখরুল এরপর একটি টেবিল দিয়ে এক ধাক্কায় জানালার কাচ ভেঙ্গে লঞ্চ থেকে বাইরে লাফ দেন। "বেরিয়েই শুনি আর্তনাদ। দেখি লঞ্চের প্রপেলারের আঘাতে ছিন্নভিন্ন দেহ। প্রচণ্ড জোয়ার আর ঢেউয়ের কারণে আমি ঠিক মতো সাতাঁর কাটতে পারছিলাম না। এভাবে 'ডুবছি, ভাসছি' করতে করতে ঠিক কতক্ষণ ছিলাম জানি না। আমার কাছে মনে হচ্ছিল সময় থমকে রয়েছে। প্রায় সংজ্ঞাহীনভাবে কোথায় যাচ্ছিলাম বুঝতে পারছিলাম না।" বার বার শিহরিত হতে হতে কম্পিত গলায় বলেন ফখরুল। তিনি বলেন, "মানুষের বাঁচার য়ে আকুতি তার সঙ্গে পৃথিবীর কোন কিছুরই বোধহয় তুলনা হয় না। পরে জেনেছি আমি আধ ঘণ্টার উপরে সাঁতরেছিলাম। পড়ে ঘোড়াঘাটি থেকে তাকে সংজ্ঞাহীন অবস্থায় এক রাখাল উদ্ধার করে। তখন তিনি রক্তবমি করছিলেম। প্রাথমিক চিকিৎসার তার জ্ঞান ফিরে কিছুটা সুস্থ হওয়ার পর স্থানীয়রা তাকে পরিবারের সঙ্গে যোগয়োগ করিয়ে দেন। কুলিয়ারচর উপজেলা থেকে এমভি চাঁনপুর নামে লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে কিশোরগঞ্জের মিঠামইন যাওয়ার পথে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার কাছে সোমবার বিকালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত ৪২ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এদের বেশির ভাগের বাড়ি মিঠামইনে। এখনও নিখোঁজ ১৫ থেকে ২০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফখরুল অবশ্য বলেন, "গণমাধ্যমে যে সংখ্যা উল্লেখ করা হয়ে হয়েছে লঞ্চে তার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। কারণ আমার টিকিট নাম্বার ছিল ২২৬। যাত্রীদের বেশিরভাগই ছিল মহিলা এবং শিশু।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমএইচবি/২১২৪ ঘ.