২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দস্যুতার ঘটনায় এসি মোফাজ্জলসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র

নগরীর এক ব্যবসায়ীর বাসায় দস্যুতার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর সাময়িক বরখাস্তকৃত সহকারী কমিশনার (এসি) আবু সালেহ মো. মোফাজ্জল হক ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

চট্টগ্রাম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর এক ব্যবসায়ীর বাসায় দস্যুতার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর সাময়িক বরখাস্তকৃত সহকারী কমিশনার (এসি) আবু সালেহ মো. মোফাজ্জল হক ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিএমপি'র পাঁচলাইশ জোনের বর্তমান সহকারী কমিশনার (এসি) ও মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মেজবাহ উদ্দিন মুখ্য মহানগর বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুই পুলিশ সদস্য হলেন- এসি মোফাজ্জলের দেহরক্ষী কনস্টেবল এহসানুল ইসলাম ও গাড়ি চালক আবদুর রউফ। আদালত পরিদর্শক (এসি প্রসিকিউশন) মোহাম্মদ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগপত্রে পুলিশ কর্মকর্তা মোফাজ্জল এবং তার দেহরক্ষী ও গাড়ি চালককে অভিযুক্ত করা হয়েছে। হাকিম হেলাল চৌধুরীর অভিযোগপত্রটি গ্রহণ করেছেন। তিনি আরও জানান, তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে। সাক্ষী করা হয়েছে ৩২ জনকে। ৯ ফেব্র"য়ারি রাতে নগরীর মেহেদীবাগের আমীরবাগ আবাসিক এলাকায় ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী ফারুক আহমেদ চৌধুরীর বাসায় নগদ এক লাখ ৭৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটে। ডাকাতির সঙ্গে তিন পুলিশ সদস্য জড়িত অভিযোগ করে ব্যবসায়ী ফারুক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। ১১ ফেব্র"য়ারি ভোররাতে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। প্রাথমিক তদন্ত শেষে ওই দিন ভোররাতেই অভিযুক্ত এসি মোফাজ্জলসহ তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ডাকাতির মাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এসি মোফাজ্জল বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে আছেন। তবে বাকি দুইজন কারাগারে রয়েছেন। শূরুতে মামলাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম তদন্ত করলেও পরে পাঁচলাইশ জোনের এসি সৈয়দ মেজবাহ উদ্দিনকে এ দায়িত্ব দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৪৪ ঘ.