চট্টগ্রাম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার নাছিরকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এর মধ্যে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১৯ (ক) ধারায় দশ বছর এবং গুলি রাখার দায়ে ১৯ (চ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উভয় সাজা পৃথকভাবে কার্যকর হবে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী এ রায় দেন।
শিবির ক্যাডার ও চট্টগ্রামের ত্রাস হিসেবে পরিচিত নাছির উদ্দিন চৌধুরী ওরফে ক্যাডার নাছির এ প্রথম কোন মামলায় সাজা পেলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।
অপর আসামি ওয়ালিউল্লাহ বাবুল মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নাছিরের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র, অপহরণসহ ৩৪টি মামলার মধ্যে ১৩টির নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে বহুল আলোচিত অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলাসহ ১২টিতে তিনি খালাস পেয়েছেন।
১৯৯২ সালের ১১ জুলাই নগরীর কোতোয়ালী থানাধীন চকবাজার এলাকার একটি হোটেলে চা পানরত অবস্থায় শিবির ক্যাডার নাছির ও ওয়াজিউল্লাহ বাবুলকে পুলিশ একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।
পরদিন রাউজান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল রাউজান থানায় অস্ত্র মামলা দায়ের করেন। ওই বছর ২০ অক্টোবর মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ১৯৯৭ সালের ১৫ জুন নাছির ও বাবুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
নাছির এ মামলায় জামিন পান। তবে ১৯৯৭ সালের মার্চ মাসে তাকে চট্টগ্রাম কলেজের শেরে বাংলা ছাত্রাবাস থেকে একে-৪৭ রাইফেলসহ আবার গ্রেপ্তার করা হয়।
সরকারি কৌসুলি (মহানগর পিপি) আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি কারাগারে আটক থাকার দিন থেকেই এ সাজা কার্যকর হবে। নাছির ১১ বছর কারাগারে আছেন। তাই এ মামলায় তাকে আরও ছয় বছর সাজা ভোগ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮০৩ ঘ.
bdnews24