২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ চারজন নিহত

কুমিল্লা ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার সকালে কুমিল্লায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন স্বামী ও স্ত্রী। সোমবার রাতে মাগুরায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 09:47 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার সকালে কুমিল্লায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন স্বামী ও স্ত্রী। সোমবার রাতে মাগুরায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন। আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বারপাড়া এলাকায় প্রাইভেট কারযাত্রী নাজমুল চৌধুরী বাবু (৩০) ও তার স্ত্রী বেবী (২২) মারা যান। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকবুল হোসেন জানান, প্রাইভেট কারটি ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। আর ট্রাকটি চট্টগ্রাম থেকে যাচ্ছিল ঢাকা। নাজমুল চৌধুরী বাবু নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পাশে ছিলেন তার স্ত্রী। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তিনি জানান, পুলিশ গাড়ি দুটি আটক করেছে। এ ব্যাপারে দাউদকান্দি থানায় মামলা হয়েছে। মাগুরা প্রতিনিধি জানান, সোমবার রাত ১২ টার দিকে মাগুরা-ঢাকা সড়কের রামনগরে বাসের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন মোটরসাইকেল আরোহী রুহুল মোল্লা (১৮) ও আসাদ মোল্লা (৩০)। তারা দুজন চাচাতো ভাই। তাদের বাড়ি রামনগর গ্রামে। সদর থানার উপ-পরিদর্শক মহসিন হোসেন জানান, রুহুল ও আসাদ মোটরসাইকেলে মাগুরার দিকে আসছিলেন। এ সময় মাগুরা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি নৈশ কোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই আশংকাজনক অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্মরত চিকিৎসক জানান তারা মারা গেছেন। তিনি জানান, পুলিশ বাসটি আটক করেছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৮ ঘ.