২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে 'ক্রসফায়ারে' 'চরমপন্থী' নিহত

ঝিনাইদহ সদর উপজেলার এস্তেফাপুর গ্রামে মঙ্গলবার ভোররাতে র‌্যাবের 'ক্রসফায়ারে' এক 'চরমপন্থী' নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 06:10 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঝিনাইদহ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার এস্তেফাপুর গ্রামে মঙ্গলবার ভোররাতে র‌্যাবের 'ক্রসফায়ারে' এক 'চরমপন্থী' নিহত হয়েছে। নিহতের নাম এডি শাহীন (৩০)। তিনি বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা বলে র‌্যাব জানিয়েছ। তার বাড়ি ঝিনাইদহ শহরের বেপারীপাড়ায়। এস্তেফাপুর গ্রামের মাঠে রাত সাড়ে ৩টার দিকে 'চরমপন্থীদের' সঙ্গে র‌্যাবের গোলাগুলির সময় শাহীন নিহত হয় বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর ঝিনাইদহ ফাঁড়ির অধিনায়ক মেজর তারিক। তিনি সাংবাদিকদের বলেন, চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি দল রাত ৩টার দিকে এস্তেফাপুর গ্রামে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করলে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টাকাল গোলাগুলির পর চরমপন্থীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শাহীনের লাশ ও বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তা জানান, ঘটনাস্থলে দুটি শাটারগান, একটি পিস্তল, একটি রিভলবার এবং ৮ রাউন্ড গুলি পাওয়া গেছে। র‌্যাব জানায়, শাহীনের বিরুদ্ধে একটি হত্যা, চাঁদাবাজি, বোমাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। যুবককে জবাই করে হত্যা: মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে সামাউল হক (২২) নামে এক যুবককে সোমবার রাতে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি হাটে হাটে কাপড় বিক্রি করতেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আহমেদ জানান, সামাউল সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। মঙ্গলবার সকালে গ্রামের একটি ক্ষেতে তার জবাই করা লাশ পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০১ ঘ.