২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কাজের দরপত্র পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন রংপুরের ঠিকাদাররা

নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকারি কাজের দরপত্র পরিবর্তন করে বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে আবার নির্ধারণের দাবি জানিয়েছেন রংপুরের ঠিকাদাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

রংপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকারি কাজের দরপত্র পরিবর্তন করে বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে আবার নির্ধারণের দাবি জানিয়েছেন রংপুরের ঠিকাদাররা। এ বিষয়ে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে বলেছেন, তাদের দাবি মানা না হলে কাজ বন্ধ করে দেবেন তারা। সোমবার দুপুরে রংপুরে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঠিকাদাররা তাদের অবস্থার কথা তুলে ধরে এ দাবি জানান। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ঠিকাদাররা বলেন, মঙ্গাপীড়িত রংপুরর প্রায় ৫ লাখ মানুষ সরাসরি নির্মাণ শিল্পে জড়িত। নির্মাণসামগ্রীর দাম বাড়ায় সরকারি, আধা-স্বায়ত্তশাসিতসহ প্রায় প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ফলে প্রায় বেকার হয়ে পড়েছেন এই বিপুল সংখ্যক মানুষ। তারা বলেন, বাজার দরের অনুপাতে বিভিন্ন কাজের দরপত্র তৈরি করা হয়। ঠিকাদাররা বাজার দর বিবেচনা করে দরপত্র দিয়ে কাজ করে থাকেন। নির্মাণসামগ্রীর মুল্য দফায় দফায় বেড়ে দরপত্রে দেওয়া দরের চেয়ে ৬০ থেকে ৭০ ভাগ বেশি হয়েছে বলে তারা দাবি করেন। লিখিত বক্তব্যে ঠিকাদাররা দরপত্রে দেওয়া দর ও বর্তমান বাজার দরের একটি চিত্র তুলে ধরেন। দরপত্রে প্রতি হাজার ইটের দাম ৩২৮০ টাকা , প্রতিবস্তা সিমেন্ট ২৯৫ টাকা, প্রতি কেজি ৬০ গ্রেড রড ৪০.৭০ টাকা, ৪০ গ্রেড রডর ৩৯.৫০ টাকা, প্রতি ঘনফুট ভাঙা পাথরের দাম ৬০ টাকা, বিটুমিন ৩২ টাকা। অথচ বর্তমানে বাজারে প্রতি হাজার ইটের দাম ৫০০০ হাজার টাকা, প্রতি বস্তা সিমেন্ট ৩০৯ টাকা, ৪০ টাকার রড প্রতিকেজি ৭০ টাকা, ৩২ টাকার বিটুমিন ৫৯ টাকা। এর সঙ্গে রয়েছে পরিবহন খরচ, শ্রমিক মজুরি, ভ্যাট, আয়কর। তারা জানান, ৫ এপ্রিল জেলা প্রশাসকদের সম্মেলনে নির্মাণসামগ্রীর দাম বাড়ার পরিপ্রেক্ষিতে উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ার বিষয়টি আলোচিত হয়। এ বিষয়ে তারা একটি প্রস্তাবও করেন। সে অনুযায়ী দরপত্র পুনর্নির্ধারণের বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পরিকল্পনা মন্ত্রণালয় পরিপত্র জারি করে গত বছর ৩১ ডিসেম্বরের মধ্যে যে সব দরপত্র জমা পড়েছে এবং ওই দরপত্র অনুযায়ী এ বছর ১৫ এপ্রিল চুক্তি সম্পাদন হয়েছে শুধু সেসব কাজে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানায়। তারা দাবি করেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্ষতিপূরণের প্রস্তাবে প্রকৃত ঠিকাদারদের কোন লাভ হবে না। সে কারণে তারা বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে দরপত্র পুনর্নির্ধারণের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঠিকাদার রফিকুল ইসলাম দুলাল। এ সময় আরও উপস্থিত ছিলেন- খোরশেদ আলম, মামুনুর রশীদ, আবু তাহের, আবুল মাসুদ চৌধুরী নান্টু, মোয়াজ্জেম হোসেন লাভলু, মো. নুরজ্জামানসহ শতাধিক ঠিকাদার । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.