২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডর দুর্গতদের সাহায্য করায় আইডিবি প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

সিডর দুর্গতদের সহায়তা দেওয়ায় সফররত ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমাদ মোহামেদ আলীকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিডর দুর্গতদের সহায়তা দেওয়ায় সফররত ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমাদ মোহামেদ আলীকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. আহমাদ মোহামেদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফখরুদ্দীন আহমেদের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ কথা জানান। আইডিবি প্রেসিডেন্ট দু'দিনের সফরে সোমবার সকালে বাংলাদেশে আসেন। সিডর দুর্গতদের পুনর্বাসন কার্যক্রমে ১৩ কোটি (১৩০ মিলিয়ন) ডলার দেয়ার জন্য আইডিবি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ফখরুদ্দীন আহমদ বলেন, "সাহায্যটি যথাসময়ে দেয়া হয়েছে, যা দক্ষিণের মানুষের কাজে আসবে। এ সাহায্যের আওতায় যত দ্রুত সম্ভব ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে।" তিনি বলেন, "সিডর দুর্গতদের পুনর্বাসনে সরকার মধ্য ও দীর্ঘ মেয়াদী কর্মসূচি হাতে নিয়েছে। সড়ক ও বাঁধ নির্মাণ করা হচ্ছে। সিডর শেষে ত্রাণ কার্যক্রমে দেখা গেছে যোগাযোগ সমস্যা একটি বড় সমস্যা। এর সংস্কারে আপনাদের এ সহযোগিতা কাজে আসবে।" আইডিবির চলমান প্রকল্প দেশে অব্যাহত থাকবে আশাপ্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, "সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে কৃষিখাতে। এবার বোরোর বাম্পার ফলন হয়েছে এবং এ কৃতিত্ব কৃষকদের।" আইডিবি প্রেসিডেন্ট বলেন, "সিডর পুনর্বাসনে যত দ্রুত সম্ভব প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করবেন তারা।" মঙ্গলবার সিডর আক্রান্ত বাগেরহাট, বরগুনা ও পিরোজপুর পরিদর্শনে যাবেন তিনি। আহমাদ মোহামেদ আলী বলেন, "আইডিবি আশা করে সিডর আক্রান্ত এলাকার মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক।" খাদ্য সঙ্কট মোকাবেলায় কৃষকদের কৃতিত্ব অবশ্যই রয়েছে। তবে সঙ্কট মোকাবেলায় প্রধান উপদেষ্টার নেতৃত্বেরও অবদান রয়েছে বলে উল্লেখ করেন আইডিবি প্রেসিডেন্ট। এর পর বিকেলে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন আইডিবি প্রেসিডেন্ট। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/ইএইচবি/টিএইচ/এমএ/১৮৩৫ ঘ.