ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় 'দোষী না নির্দোষ ?' আগামী রোববার আদালতের কাছে এই প্রশ্নের উত্তর দিতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
ওই দিন এ মামলায় হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না এ ব্যাপারে আদেশও দেবে আদালত।
সোমবার বিষয়টির ওপর আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর বিচারক ফিরোজ আলম এ তারিখ ধার্য করেন।
গত ৯ মার্চ রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি এ বি এম শরফুদ্দীন আহমেদ মুকুল আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা ১০ এপ্রিল থেকে শুনানিতে অংশ নেওয়া শুরু করেন।
তারা এ মামলা থেকে শেখ হাসিনা ও সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরীকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদনের ওপর শুনানি করেন।
এর আগে সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে শুনানির জন্য শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১টার দিকে বিচারক শুনানি মুলতবি করেন। পরে বেলা তিনটার দিকে তা আবারও শুরু হয়।
শুনানিতে অংশ নিয়ে আসামি পক্ষের আইনজীবীরা আদালতে বলেন, এ মামলায় শেখ হাসিনা ও অন্য আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। এ অভিযোগের সপক্ষে কোনো তথ্য-প্রমাণ নেই। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এ মামলা সাজানো হয়েছে।
তারা আরও বলেন, ঘটনার প্রায় ১০ বছর পরে এ মামলাটি দায়র করা হয়েছে। কিন্তু কেন এই দীর্ঘ বিলম্ব তার কোনো কারণই উল্লেখ করা হয়নি। তাছাড়া যে কোম্পানিকে সর্বনিম্ন দরদাতা বলে সরকার পক্ষ দাবি করছে সেটা ঠিক নয়। এসব বিষয় থেকে বলা যায় রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ ভিত্তিহীন।
সুতরাং শেখ হাসিনাসহ অন্য আসামিদের এ মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালতের কাছে আমরা আবেদন জানাচ্ছি।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে ঠিকাদারী সংস্থাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
মামলার বাকি আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক ই এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ, সামিট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মার্কেন্টাইল কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজিজ খান, পরিচালক মোহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/আরএ/জেকে/এমএ/১৮২০ঘ.
bdnews24