ঝিনাইদ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ মামলায় ঝিনাইদহে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ জরিমানা করা হয়েছে।
সোমবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক রোকেয়া বেগম এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তি হলেন- শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের মো. রশিদ শেখ। তিনি বর্তমানে কারাগারে আছেন।
২০০৫ সালে ২৮ জুন রশিদ শেখ, তার স্ত্রী ও পাশ্ববর্তী শ্রীপুর গ্রামের একজন নারী শ্রমিকসহ একটি পান বরজে কাজ করতে যান। দুপুরে রশিদ শেখ তার স্ত্রীকে ভাত রান্না করতে বাড়ি পাঠিয়ে দিয়ে ওই নারী শ্রমিককে ধর্ষণ করেন।
এ ঘটনায় ধর্ষিতা শৈলকুপা থানায় মামলা করতে যান। কিন্তু থানা মামলা না নিয়ে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার পরামর্শ দেয়। পরে তিনি ওই বছর ১৬ জুলাই আদালতে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি (বিশেষ পিপি) অ্যাডভোকেট আবু তালেব এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আ ম আনোয়ার উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24