ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কৃষকদের জন্য ডিজেলের ভর্তুকির টাকা আত্মসাতের অভিযোগে শনিবার রাতে রংপুরে উপ সহকারী কৃষি কর্মকর্তা ও লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য গ্রেপ্তার হয়েছেন।
আমাদের রংপুর প্রতিনিধি জানান, ভূর্তকির অর্থ বিতরণে অনিয়ম ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করার অভিযোগে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রাতেই তাকে মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মিঠাপুকুর থানায় মামলা করেছেন। মামলায় আবদুল ওয়াদুদ ছাড়াও কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম কাফ্রিখালী ইউনিয়নের বাসিন্দা আকিবুল ও ফকরুল ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল ইসলাম কৃষি কর্মকর্তা ওয়াদুদের গ্রেপ্তার ও মামলার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুল ওয়াদুদের বিরুদ্ধে ডিজেলের ভর্তুকির টাকা বিতরণে চরম অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাত করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে ।
অহিদুল ইসলাম অভিযোগের উদ্ধৃতি দিয়ে জানান, আব্দুল ওয়াদুদ প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত না করে ভূয়া নামে তালিকা করেন। ফলে প্রকৃত অনেক কৃষক ডিজেল কেনার জন্য বরাদ্দ ভূর্তকির অর্থ পায়নি।
শতাধিক কৃষক লিখিত ভাবে বিষয়টি মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। যৌথবাহিনী শনিবার রাতে ওই কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করে। শনিবার রাতেই তাকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়।
লালমনিরহাট প্রতিনিধি জানান, খুনিয়াগাছ ইউনিয়নে ডিজেলের ভর্তুকির টাকা আত্মসাতের অভিযোগে শনিবার রাত ১০টার দিকে ওই ইউনিয়নের ১ নম্বর ওর্য়াডের সদস্য মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের শহর উদ্দিনের ছেলে।
ওই রাতেই উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা (খুনিয়াগাছ ব্লক) মোসলেমউদ্দিন তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।
সদর থানার উপ-পরিদর্শক সবুজ আলী জানান, মোজাম্মেল হককে ভর্তুকির টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার আদালতে হাজির করার কথা রয়েছে।
মামলার অভিযোগের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদে ডিজেলের ভর্তুকির টাকা বিতরণের সময় ইউপি সদস্য মোজাম্মেল হক তার চাচা আনসার আলীর ডিজেলের ভুর্তকির ১৩০০ টাকা নিজে উত্তোলন করে আত্মসাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24