ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতের উন্নয়নে ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে জাপান সরকার।
রোববার জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) ভাইস প্রেসিডেন্ট মাসাফুমি কুরোকির সঙ্গে বৈঠকের পর অর্থ উপদেষ্টা এ কথা জানান।
বৈঠকে নতুন একটি ঋণ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর আওতায় হরিপুর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কারিগরী সহায়তা ও সেন্টার পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্পের উন্নয়নে ঋণ দেওয়া হবে।
অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "নতুন ঋণ প্যাকেজের আওতায় তিনটি প্রকল্পে সহায়তার কথা বলেছেন জাইকার ভাইস প্রেসিডেন্ট। এরমধ্যে দুটি প্রকল্প বিদ্যুৎ খাতের উন্নয়ন সম্পর্কিত। এর একটি হচ্ছে হরিপুর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কারিগরী সহায়তা ও অপরটি সেন্টার জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্প। এছাড়া ইস্ট্রার্ন জোন ব্রিজ ইমপ্র"ভমেন্ট নামের আরেকটি প্রকল্পেও সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।"
মির্জ্জা আজিজুল ইসলাম জানান, জাপান সরকারের দুটি সংস্থা জাইকা ও জাপান ব্যাংক ফর কোঅপারেশন (জবিআইসি) আগামী অক্টোবরে একীভূত হচ্ছে। তখন থেকে তারা বাংলাদেশকে সহায়তা করবে।
তবে এ তিনটি প্রকল্পের জন্য কী পরিমাণ অর্থ ঋণ দেওয়া হবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে উপদেষ্টা জানান।
মাসাফুমি কুরোকি সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে আমরা তিন প্রকল্পের নতুন ঋণ প্যাকেজ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছি। বাংলাদেশ সরকারও ইতিবাচক সাড়া দিয়েছে।"
প্রকল্পের ঋণ সহায়তার বিষয়টি শিগগিরই চূড়ান্ত হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এমআই/এমএইচবি/১৭২৭ ঘ.
bdnews24