ঢাকা, মে ১০ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)- 'পরিযায়ী পাখি'র আবাসস্থল নিরাপদ রাখা ও সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শনিবার শুরু হয়েছে দুদিনব্যাপী বিশ্ব পরিযায়ী পাখি দিবস।
সারা বিশ্বে পরিযায়ী পাখিদের (মাইগ্রেটরি বার্ড) বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০৬ সালে এই দিবস পালন শুরু হয়। প্রতিবছর ১০ ও ১১ মে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় এ দিবস।
দিবসটির এবারের প্রতিপাদ্য 'পরিযায়ী পাখি: জীবৈচিত্র্যের দূত'। এ উপলক্ষ্যে বেসরকারি সংগঠন নেচার কনজারভেশন কমিটি (এনসিসি) শনিবার সন্ধ্যায় নগরীর হাতিরপুল কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করে।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনসিসি'র নির্বাহী পরিচালক শাহজাহান সরদার।
জলবায়ু পরিবর্তন, খাদ্য সঙ্কট, আবাসস্থল ধ্বংস ইত্যাদি কারণে পরিযায়ী পাখিরা হুমকীর মুখে উল্লেখ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে পরিযায়ী পাখি সম্পর্কে অনেক বিভ্রান্তি রয়েছে। তা দূর করতে ইতিবাচক জনমত গড়ে তুলতে হবে এবং সরকারকে আইন প্রয়োগে কঠোর অবস্থান নিতে হবে।
আলোচনায় অংশ নেন কেয়ার বাংলাদেশের ড. কাজী এমদাদুল হক, এনসিসি'র উপদেষ্টা ড. নিগার সুলতানা, প্রিন্সিপাল আল আমিন খান, রফিকুল ইসলাম, নোমান চৌধুরী প্রমুখ।
রোববার বিকেলে হবিগঞ্জের সাতছড়ি বনে পাখি পর্যবেক্ষণ এবং ঢাকায় জাতীয় উদ্ভিদ উদ্যানে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০২২ ঘ.
bdnews24