গাজীপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে এক ঝুট ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে টঙ্গির দত্তপাড়া এলাকার বনমালা রোডে ওই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর বনমালা রোড এলাকায় তার বাসা থেকে বেরিয়ে মিল গেট এলাকায় তার দোকানে যাচ্ছিলেন। পথে একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় ছয় থেকে সাত জন সন্ত্রাসী তাকে গুলি করে। গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সন্ত্রাসীদের গুলিতে জাহাঙ্গীরের সঙ্গী মোহাম্মদ আলী (৩২) নামে অপর এক ব্যবসায়ীও আহত হন। তার বাম হাতে গুলি লেগেছে।
এদিকে জাহাঙ্গীরের ওপর গুলি চালিয়ে পালানোর সময় জনতা ধাওয়া করে চার সন্ত্রাসীকে ধরে ফেলে ব্যাপক মারধর করে। এরা হলো ফারুক (২২), ডালিম (২৫), সেলিম (২৩) ও মোবারক (২৩)।
টঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সন্ত্রাসীদের কাছে দুটি রিভলবার ও একটি পিস্তল পাওয়া গেছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা মেডিকেল প্রতিবেদক জানান, টঙ্গি থানার সহকারী উপ-পরিদর্শক জিহাদুল হক দুপুর ১টার দিকে চার সন্ত্রাসীকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, সেলিম ও ফারুক মারা গেছে।
আহত দুই সন্ত্রাসী এবং ব্যবসায়ী আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জাহাঙ্গীরকে খুনের ঘটনায় তার ছেলে রাসেল সজিব টঙ্গি থানায় একটি মামলা করেছেন বলে থানার ওসি আব্দুস সালাম জানান।
এজাহারে রাসেল অভিযোগ করেছেন, গত বৃহস্পতিবার থেকে সন্ত্রাসী ৬ লাখ টাকা চেয়ে তার বাবার মোবাইলে ফোন করে। দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24