ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর জের ধরে শনিবারও তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে অর্ধশত। বিক্ষুব্ধ ছাত্ররা এক পর্যায়ে টঙ্গি ডাইভারশন সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানটির হলগুলো খালি করার নির্দেশ দেয় কর্র্তৃপক্ষ। প্রথমে শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ না মানার ঘোষণা দিলেও শিক্ষকদের সঙ্গে আলোচনার পর সে সিদ্ধান্ত মেনে নিয়েছে।
শুক্রবার রাতে আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী গাড়িচাপায় নিহত হলে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা সাত রাস্তা মোড়ে টঙ্গি ডাইভারশন সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। ওই সময় একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রবার বুলেট ছুড়লে পাঁচ শিক্ষার্থী আহত হয়।
শুক্রবার রাতে সংঘর্ষের পর ছাত্ররা হলে ফিরে গেলেও শনিবার সকাল ১০টার দিকে তারা আবার রাস্তায় উঠে আসে এবং গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পরে প্রশাসন হল খালি করার নির্দেশ দিলে ছাত্ররা ক্যাম্পাসে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। শেষে দুপুর ২টায় শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসে শিক্ষার্থীরা। বৈঠকের পর তারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হল ত্যাগে সম্মত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার ঘটনাস্থল থেকে জানান, সকাল ১১টার দিকে সাতরাস্তা মোড়ে ৮ থেকে ১০টি গাড়ি ভাংচুর করে ছাত্ররা। ওই সময় পুলিশ ছাত্রদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। ছাত্ররা পুলিশকে লক্ষ করে ইট ছুড়তে শুরু করে। পুলিশও দফায় দফায় কাঁদানে গ্যাস ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
পুলিশের প্রতিরোধের মুখে এক পর্যায়ে ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর আবার পুলিশের ওপর ইট ছুড়তে ছুড়তে ছুড়তে রাস্তায় নেমে আসে।
ছাত্র-পুলিশ সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। তবে সবার পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে পথচারীরাও রয়েছেন। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মগবাজারগামী গাড়িগুলোকে মহাখালী থেকে ফার্মগেটের দিকে ঘুরিয়ে দেওয়ায় ওই সড়কে দেখা দেয় যানজট।
শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ শান্ত থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।"
শনিবার সকালে সংঘর্ষের পর ইনস্টিটিউট কর্তৃপক্ষ হলগুলো খালি করতে ছাত্রদের নির্দেশ দেয়। দুপুর ১২টায় শিক্ষকদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম সভা শেষে সাংবাদিকদের বলেন, "ছাত্রদের দাবিগুলো মেনে নেওয়া হবে, এ আশ্বাসের পরও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। এজন্য ছাত্রদের আজ দুপুর ১টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।"
তবে ছাত্ররা প্রশাসনের ওই সিদ্ধান্ত প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়।
ছাত্রদের দাবির মধ্যে রয়েছে, দুর্ঘটনায় নিহত ছাত্রের ক্ষতিপূরণ দেওয়া, টঙ্গি ডাইভারশন সড়কে প্রয়োজনীয় সংখ্যক গতিরোধক নির্মাণ, ওই এলাকার ভেতরের ছোট সড়কগুলোতে বড় গাড়ি ঢোকা নিষিদ্ধ করা, ওই সড়কে চলাচলকারী বাসে বাসে ছাত্র কনসেশন দেওয়া ইত্যাদি।
পরে দুপুর ২টার দিকে ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষকরা। বৈঠকে ছাত্ররা হল ছেড়ে যেতে সম্মত হয়।
ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর রেজানুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিকাল ৩টা থেকে হলগুলো খালি করা শুরু হয়েছে।"
প্রায় তিন ঘণ্টা চলাচল বন্ধ থাকার পর টঙ্গি ডাইভারশন সড়কে দুপুর দেড়টা থেকে গাড়ি চলাচল শুরু হয়। তবে রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমআই/১৫১৭ ঘ.
bdnews24