২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র-পুলিশ আবার সংঘর্ষ, ঢাকা পলিটেকনিকের হল খালি করার নির্দেশ

সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর জের ধরে শনিবারও তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে আহত হয়েছে কমপক্ষে অর্ধশত। বিক্ষুব্ধ ছাত্ররা টঙ্গি ডাইভারশন সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানটির হলগুলো খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 06:58 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর জের ধরে শনিবারও তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে আহত হয়েছে কমপক্ষে অর্ধশত। বিক্ষুব্ধ ছাত্ররা টঙ্গি ডাইভারশন সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানটির হলগুলো খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাতে আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী গাড়িচাপায় নিহত হলে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা সাত রাস্তা মোড়ে টঙ্গি ডাইভারশন সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। ওই সময় একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রবার বুলেট ছুড়লে পাঁচ শিক্ষার্থী আহত হয়। শুক্রবার রাতে সংঘর্ষের পর ছাত্ররা হলে ফিরে গেলেও শনিবার সকাল ১০টার দিকে তারা আবার রাস্তায় উঠে আসে এবং গাড়ি চলাচল বন্ধ করে দেয় বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার জানান। তিনি বলেন, "সকাল ১১টার দিকে সাতরাস্তা মোড়ে ৮ থেকে ১০টি গাড়ি ভাংচুর করে ছাত্ররা। ওই সময় পুলিশ ছাত্রদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। ছাত্ররা পুলিশকে লক্ষ করে ইট ছুড়তে শুরু করে। পুলিশও দফায় দফায় কাঁদানে গ্যাস ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।" পুলিশের প্রতিরোধের মুখে এক পর্যায়ে ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর আবার পুলিশের ওপর ইট ছুড়তে ছুড়তে ছুড়তে রাস্তায় নেমে আসে। ছাত্র-পুলিশ সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। তবে সবার পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে পথচারীরাও রয়েছেন। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মগবাজারগামী বাস ও গাড়িগুলোকে মহাখালী থেকে ফার্মগেটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই সব সড়কে দেখা দিয়েছে যানজট। শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিক্ষুব্ধ ছাত্ররা মানুষের চলাচলে বাধা দিচ্ছে ও গাড়ি ভাংচুর করছে।" এদিকে সংঘর্ষের পর ইনস্টিটিউট কর্তৃপক্ষ হলগুলো খালি করতে ছাত্রদের নির্দেশ দিয়েছে। শনিবার দুপুর ১২টায় শিক্ষকদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। তবে ছাত্ররা প্রশাসনের ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে। ছাত্রদের মূল দাবি, টঙ্গি ডাইভারশন সড়কে প্রয়োজনীয় সংখ্যক গতিরোধক নির্মাণ ও সড়কের বড় যানবাহন যাতে ভেতরের ছোট সড়কগুলোতে ঢুকে না পড়তে পারে, তার ব্যবস্থা নেওয়া ইত্যাদি। ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম সভা শেষে সাংবাদিকদের বলেন, "ছাত্রদের দাবিগুলো মেনে নেওয়া হবে, এ আশ্বাসের পরও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। এজন্য ছাত্রদের আজ দুপুর ১টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমআই/১২৫১ ঘ.