২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ করা হবে'

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দেশের প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন একাত্তরের সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

বগুড়া, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দেশের প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন একাত্তরের সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। বৃহস্পতিবার বগুড়া আমিনুল করিম দুলাল মিলনায়তনে ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ কে খন্দকার বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দেশের প্রতিটি ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। একাত্তরে আমরা যেমন একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে জোট বেঁধেছিলাম, তেমনি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেও আমরা একজোট।" যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কট ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাদের বাদ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের কোনো ক্ষমা নেই। একাত্তরের ঘাতক দালালদের বিচার বাংলার মাটিতেই করতে হবে।" মতবিনিময় সভার আগে ফোরাম নেতারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বগুড়া সেক্টর কমান্ডার্স ফোরামের আহ্বায়ক ছাইদুজ্জামান তারার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শফিউল্লাহ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনর রশীদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ডি আহসান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মাসুদুর রহমান, মাসুদার রহমান হেলাল, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি যাহেদুর রহমান যাদু প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২১০৫ ঘ.