ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্য তেলের চাহিদা মেটাতে প্রতিটি পরিবারকে অন্তত একটি করে পাম গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ।
বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবে পাম চাষ প্রকল্প উদ্বোধনের সময় সেনাপ্রধান এ আহ্বান জানান।
এর ঠিক আগে তিনি 'ওয়ারিদ গলফ টুর্নামেন্ট'-এরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. শফিকুল ইসলাম, চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনা ইবনে জামালী, মেজর জেনারেল মতিউর রহমান ও ওয়ারিদ টেলিকমের জেনারেল ম্যানেজার আশরাফুল এইচ চৌধুরী।
গলফ টুর্নামেন্ট উদ্বোধন করার পর ক্লাব মাঠে একটি পাম গাছের চারা রোপণ করে সেনাপ্রধান বলেন, "প্রত্যেকটি পরিবার একটি করে পাম গাছ লাগালে ওই পরিবারে এক বছরের ভোজ্য তেলের চাহিদা পুরণ সম্ভব। আর প্রতিটি পরিবার দুটি করে গাছ লাগালে নিজেদের চাহিদা পূরণ করে তা বাইরে বিক্রিও করা যাবে। এভাবে দেশের জনগণ উদ্যোগী হলে পাঁচ বছরের মধ্যে আমরা ভোজ্য তেলে স্বনির্ভর হতে পারব।"
মইন উ আহমেদ জানান, একটি পাম গাছ পাঁচ বছরে ফলবতী হয়। পরের ২৫ বছর একটানা ফল দেয় গাছটি। বাংলাদেশে প্রতি হেক্টর জমিতে পাম চাষ করে বছরে সাত হাজার লিটার তেল উৎপাদন সম্ভব।
বাংলাদেশের মটি পাম চাষের জন্য অনুকূল মন্তব্য করে তিনি বলেন, "বাংলাদেশে প্রতিটি পাম গাছের কাঁদি থেকে গড়ে ষাট থেকে সত্তর কেজি তেল উৎপাদন সম্ভব, যেখানে মালয়েশিয়ায় প্রতিটি কাঁদিতে পঁচিশ থেকে চল্লিশ কেজি তেল হয়।"
সেনাপ্রধান বলেন, "প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ ধরনের প্রকল্পের উদ্যোগ নিলেও পরে তা আর বাস্তবায়িত হয়নি।"
বাংলাদেশে পরীক্ষামূলক পাম চাষে সাফল্য অর্জনকারী মো. ওসমান গনির কথাও স্মরণ করেন তিনি।
পাম চাষ প্রকল্পের অধীনে কুর্মিটোলা গফল ক্লাবে প্রাধমিকভাবে প্রায় পাঁচ'শ পাম চারা রোপণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএস/জেকে/এমএইচবি/২০১০ ঘ.
bdnews24