২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষদুর্নীতি মামলা নিয়ে আশাবাদী দুদক, রায়ের কার্যকারিতায় সংশয়ে জনগণ

সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালতে গত এক বছরে দুর্নীতির দায়ে সাজা পেয়েছেন শতাধিক ব্যক্তি; যাদের অধিকাংশই রাজনীতিবিদ। মামলার রায় আর এসব সাজা প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করেছেন নানাজন। এসব মন্তব্য নিয়ে আদালতের বর্ষপূর্তিতে প্রদীপ চৌধুরীর ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 09:02 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

প্রদীপ চৌধুরী প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরে ৯টি বিশেষ জজ আদালতে ৭৮টি মামলার রায় হয়েছে। এতে বিভিন্ন দলের নেতা ও তাদের স্ত্রী-সন্তানসহ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে মোট ৮২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি জরিমানা ছাড়াও অভিযুক্তদের কয়েকশ' কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ১ মে পর্যন্ত এসব আদালতে রায় হওয়া ৭৮টি মামলার মধ্যে ৪৫টি ছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এক বছরে নিষ্পত্তি হওয়া এই সংখ্যাটা কম কিনা জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিসংখ্যান সব সময় বাস্তবতাকে তুলে ধরতে পারে না। অঙ্কের হিসেবে নিষ্পত্তি মামলার সংখ্যাটা কম হলেও এতে আমরা আশাবাদী। আগামীতে এই সংখ্যা আরো বাড়বে।" এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের দেশে যে কোনো মামলার বিচার কাজ শেষ হতে গড়ে সাড়ে ছয় বছর সময় লেগে যায়। সেই হিসেবে এক বছরে দুদকের ৪৫টি মামলার রায় হয়েছে সেটা ভালোই বলা যায়।" তবে বিশেষ জজ আদালতে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা বা সাজার পরিমাণ যাই হোক না কেন সাধারণ মানুষ ওই সব সাজা নিয়ে নানা মন্তব্য করেছেন। কেউ বলছেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলেই সাজাপ্রাপ্ত ভিআইপিরা মুক্ত হয়ে যাবেন। আবার কেউ বলছেন, এসব রায় উচ্চ আদালতে একটিও টিকবে না। বিশেষ আদালতের রায় সম্পর্কে বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব লোক দেখানো রায়। নতুন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে এদের সবাই কারাগার থেকে মুক্তি পাবে। শুধু তাই নয়, এরা নতুন শক্তিতে আবারও রাজনীতি শুরু করবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহন দাস বলেন, "আমরা সবাই জানি এরা ক্ষমতায় থেকে দুর্নীতি করে বহু টাকা কামিয়েছে। তারা নানাভাবে উচ্চ আদালতে সাজা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে। ইতোমধ্যে সেখানে অনেকগুলো মামলার বিচার কাজ স্থগিতও করা হয়েছে।" এ বিষয়ে অবশ্য ভিন্ন মত প্রকাশ করলেন একটি রাজনৈতিক দলের সমর্থক মিজানুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢালাওভাবে সব রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে মামলা না করে, প্রকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করা উচিত ছিল। কিন্তু তা না করে সবাইকে এক পাল্লায় ফেলে আসল দুর্নীতিবাজদেরকে আড়াল করে রাখা হয়েছে।" দুর্নীতির দায়ে গত এক বছরে যে সাজা দেওয়া হয়েছে তাতে দেশের দুর্নীতি কমবে কিনা জানতে চাইলে দুদকের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বলেন, "আমরা মনে করি এ থেকে অন্যরা শিক্ষা লাভ করবে। বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে সাজা হয়েছে তা অন্যদের জন্য ভীতিকর বিষয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো বলেন,"দুর্নীতি করে কেউই পার পাবে না, এই বার্তা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ভবিষ্যৎ ভেবে এখন অনেকেই দুর্নীতি বা অনিয়ম করতে একবারের জন্য হলেও চিন্তা করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এমএ/১৪৫৫ ঘ.