ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা সরকারের আপিল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।
এ রায়ের ফলে বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম আবার চলবে। অমিত তালুকদার জানাচ্ছেন আদালত থেকে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ 'আপিল অ্যালাউড' বলে এ রায় দেন।
একইসঙ্গে আপিল বিভাগ তারেক রহমান, মীর্জা আব্বাসের মামলাসহ একই ধরনের আরও ৯টি মামলায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশও স্থগিত করে দিয়েছে। ফলে ওই মামলাগুলোর কার্যক্রমও এখন সচল হবে।
রায়ের পরপরই সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ। এর ফলে এ মামলাটির বিচার কার্যক্রম নিম্ন আদালতে চলবে।"
তিনি আরো বলেন, "হাইকোর্ট মামলাটি বাতিল করে দিয়েছিল। আপিল বিভাগ বলেছে রায়টি ভুল ছিল।"
সালাউদ্দিন আহমদ জানান, হাসিনার মামলার রায়ের কারণে অনেক মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। এখন সেসব মামলার কার্যক্রমও চলবে। তারেক রহমান, মীর্জা আব্বাসসহ আরও ৯টি মামলায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশও আপিল বিভাগ স্থগিত করে দিয়েছে। তবে এসব মামলায় হাসিনার মামলার রায়ের মতোই পরিণতি হবে। ওইসব মামলার উভয় পক্ষে হাইকোর্টে রিটের চুড়ান্ত শুনানির ব্যবস্থা গ্রহণ করতে বলেছে আপিল বিভাগ।
রায়ের প্রতিক্রিয়ায় শেখ হাসিনার প্রধান কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "এ রায়ের ফলে মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইনের শাসন ও বিচার ব্যবস্থার কফিনের শবযাত্রা শুরু হল। সবকিছু জলাঞ্জলি হয়ে গেল। যেন বিসর্জন শুরু হল। প্রত্যেকের জন্য এ রায় দুঃখজনক।"
তিনি আরও বলেন, "আশা ছিল আপিল বিভাগ হয়ত জেগে উঠবে। কিন্তু এত অধঃপতন হবে বুঝিনি। আজ বিচার বিভাগের ইতিহাসে কালো আইনের জন্ম হল। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।"
এদিকে সুপ্রিম কোর্টের কাছেই রায়টি পুনর্বিবেচনার আবেদন (রিভিউ আবেদন) করবেন বলে শেখ হাসিনার অপর কৌসুলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন।
তিনি বলেন, "হাইকোর্টের রায়টি সুচিন্তিত ছিল। হাইকোর্ট সাতজন সিনিয়র আইনজীবীকে 'এমিকাস কিউরি' হিসাবে শুনে রায়টি দিয়েছিল। আপিল বিভাগ কিভাবে বারের অনুভূতি উপেক্ষা করে এ রায় দিল? আইনজীবীরা এ রায় নজির হিসাবে গ্রহণ করবেন না।"
তিনি আরও বলেন, "এ রায় এটাই প্রমাণ করল যে, এদেশে সংবিধান ও আইন সম্মতভাবে বিচারকার্য পরিচালিত হচ্ছে না।"
ব্যারিস্টার শফিক বলেন, "প্রধান বিচারপতি বলেছেন 'আপিল অ্যালাউড'। এর বাইরে কিছু বলেননি। আজম জে চৌধুরীর মামলা জরুরি আইনে অর্ন্তভূক্তি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ বাতিল করে দিল। ফলে এখন দশ পনের বছর আগের ঘটনায় দায়ের করা মামলা জরুরি বিধিমালায় নিয়ে বিচার করা যাবে।"
তিনি আরো বলেন, "আপিল বিভাগ এর আগে বলেছিল জরুরি বিধিমালার মামলায় জামিন আবেদন কোন আদালত গ্রহণ করতে পারবে না। কোন সভ্য দেশে এটা কল্পনা করা যায় না। এটা আইনের শাসন, মৌলিক ও সাংবিধানিক অধিকার পরিপন্থি। সংবিধান ও আইনের শাসন অনুযায়ী বিচার বিভাগ চলছে না।"
তিনি বলেন,"আজকের এ রায়টির কপি পেলে রিভিউ আবেদন করব। সিনিয়র আইনজীবীদের সঙ্গে বসব।"
ব্যারিস্টার শফিক রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম বর্তমান প্রধান বিচারপতি অবসরে গেলে আমরা তাকে বিদায় সম্বর্ধনা দেব না। নতুন যে প্রধান বিচারপতি হবে তাকেও সম্বর্ধনা দেব না। এটা কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে সিদ্ধান্ত নয়। এ প্রতিষ্ঠানটির স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১২২৬ ঘ.
bdnews24