২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিউক অফ গ্লস্টার প্রিন্স রিচার্ড চারদিনের সফরে ঢাকায়

চারদিনের সফরে বুধবার ঢাকায় এসেছেন ডিউক অফ গ্লস্টার প্রিন্স রিচার্ড। ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারদিনের সফরে বুধবার ঢাকায় এসেছেন ডিউক অফ গ্লস্টার প্রিন্স রিচার্ড। ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রিন্স রিচার্ডের এ সফরে বাংলাদেশে দীর্ঘমেয়াদী উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। বিশেষ করে ২০০৭ এর বন্যা ও সিডরে দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের বিষয় এতে গুরুত্ব পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সফরের প্রথমদিনে প্রিন্স রিচার্ড মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে যান। সেখানে বাংলাদেশের স্থাপত্য নিদর্শন সম্পর্কে ধারণা নেন নিজেও স্থাপত্যবিদ্যায় শিক্ষালাভকারী ব্রিটিশ রাজপরিবারের এ সদস্য। উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী তাকে এ ব্যাপারে অবহিত করেন। ব্র্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী এ সময় তার সঙ্গে ছিলেন। এর আগে ১৯৮৭ সালের অক্টোবরে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন প্রিন্স রিচার্ড। রাণী দ্বিতীয় এলিজাবেথের ঘনিষ্ঠ আত্মীয় ডিউকের আগমন উপলক্ষে ব্রিটিশ হাই কমিশনার বলেন, "প্রিন্স রিচার্ডকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের দৃঢ় ভিত্তিকেই প্রমাণ করে।" ডিউক অফ গ্লস্টার বৃহস্পতিবার সিডর আক্রান্ত এলাকা পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। আগামী ১০ মে প্রিন্স রিচার্ডের ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২৩১০ঘ.