ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বৃহস্পতিবার ২৫ শে বৈশাখ। বাঙালির জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত বাংলা তারিখগুলোর একটি- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এবার পালিত হবে ১৪৭তম রবীন্দ্রজয়ন্তী।
সনাতন এবং সরকারি দিনপঞ্জী মতে এক দিনের তফাৎ ঘুচে যাওয়ায় এবার দুই বাংলাতে একই দিন ২৫ বৈশাখ পালিত হচ্ছে।
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলা ১২৬৮ সালের ২৫ বৈশাখ (৭ মে, ১৮৬১ খৃস্টাব্দ)। কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম।
রবীন্দ্রনাথ তার 'বিশ্বকবি' অভিধাকে সার্থক করেছিলেন বাংলা সাহিত্যকে বিশ্বের সমৃদ্ধ সব সাহিত্যের সমান্তরালে পৌঁছে দিয়ে। বাংলা সাহিত্যকে তিনি দিয়ে গেছেন এক নতুন মাত্রা। তার রচিত সঙ্গীত, কবিতা ও গদ্য জড়িয়ে আছে বাঙালির সত্তায়।
১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়ে সারা বিশ্বে বাংলা ভাষার মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। বাংলা ভাষায় এটিই এখনো সাহিত্যে একমাত্র নোবেল পুরস্কার।
রবীন্দ্রনাথের 'আমার সোনার বাংলা' বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ সংগ্রামসহ বিভিন্ন সংকটে রবীন্দ্রনাথের গান ও কবিতা বাঙালিকে যুগিয়েছে সাহস, তার চেতনাকে করেছে শানিত।
অনুষ্ঠানমালা
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ ৮ মে বৃহস্পতিবার ওসমানী মিলনায়তনে 'জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৭তম জন্মবার্ষিকী উযযাপন' অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রবীন্দ্র স্মারক বক্তৃতা করবেন মুস্তাফা নূরউল ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে কবির বিভিন্ন সৃষ্টির ওপর ভিত্তি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এতে বিশিষ্ট শিল্পীরা কবিতা আবৃত্তি, নৃত্য, ও রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন।
এদিকে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর এবং খুলনার দক্ষিণডিহিতেও তার জন্মবার্ষিকী উদযাপিত হবে।
দেশের সকল জেলায় জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে স্থানীয় রবীন্দ্র বিশেষজ্ঞ, শিল্পী, সাহিত্যিক ও গুণীজন উপস্থিত থাকবেন।
তথ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতেও যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রজয়ন্তী পালিত হবে।
জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলা একাডেমী ১১ মে রবীন্দ্র বিষয়ক এক অনুষ্ঠানের আয়োজন করছে ।
বাণী
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ পৃথক বাণীতে বিশ্বের সকল বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদ তার বাণীতে বলেন, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান চিরভাস্বর। সত্য ও সুন্দরের আরাধনা এবং মানবিক মূল্যবোধের বিকাশই ছিল তার সাহিত্য সাধনার মূল সুর।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেন, রবীন্দ্রনাথ বাংলা ভাষা ও সাহিত্যের শ্রেষ্ঠ কবি- সর্বকালের শীর্ষ কবি। বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক নিবিড়। তার অমর সৃষ্টি আমাদের জাতীয় সঙ্গীত। বিশ্বকবির প্রাগ্রসর চিন্তা ও আদর্শ আমাদের নিত্যদিনের জীবনচর্চায় অনুপ্রেরণা যোগায় ।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এক বাণীতে বলেন, রবীন্দ্রনাথ ছিলেন সকল প্রকার পশ্চাৎপদতা ও কূপমণ্ডুকতার বিরুদ্ধে এক সংগ্রামী ও মানবদরদী ব্যক্তিত্ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসকে/২২৫০ঘ.
bdnews24