মৌলভীবাজার, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের লাউয়াছড়া বনে আগুন লাগার সঙ্গে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপের সম্পর্ক নেই দাবি করেছে তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান শেভরন। জরিপের কারণে চিরহরিৎ অতিসংবেদনশীল বন লাউয়াছড়ার ওপর দীর্ঘমেয়াদি কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেছে তারা।
তবে স্থানীয় অধিবাসী ও বন কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের বিকট শব্দ ও মৃদু ভূকম্পনে বন থেকে বিভিন্ন প্রাণী লোকালয়ে চলে আসছে। বনে আগুন লাগার সময় সেখানে শেভরন কর্মীরা বলে কাজ করছিলেন বলেও অভিযোগ করেছেন তারা।
বুধবার শেভরন বাংলাদেশের আমন্ত্রণে মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রেসক্লাব থেকে সাংবাদিকদের একটি দল লাউয়াছড়া বন পরিদর্শনে যায়। শেভরন কর্মকর্তারা নিরাপদ অনুসন্ধানের নানা দিক উপস্থাপন করেন। তবে স্থানীয় অধিবাসী ও বন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে বিপরীত চিত্র।
শেভরনের দাবি, ২৬ এপ্রিল লাউয়াছড়ায় আগুন লাগার স্থানে কোনো বিস্ফোরণ ঘটানো হয়নি, সেখানে শেভরনের কোনো কর্মীও ছিল না।
লাউয়াছড়ায় ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ কাজে শেভরন নিয়োজিত প্রতিষ্ঠান 'জিওকাইনেটিক' এর পাবলিক রিলেশন ম্যানেজার অনুজ চৌধুরী বাবু জানান, সেদিন দুর্ঘটনাস্থলে তাদের কোনো কর্মী ছিল না, ওইদিন লাউয়াছড়ার বনের বাইরে দক্ষিণ দিকে জরিপ চলছিল ।
তবে বন গবেষণা কেন্দ্রের ফরেস্টার আবুল কাসেম ও অমরেন্দ্র সরকার জানান, সেদিন ওই এলাকায় শেভরনের লোকজন কাজ করছিল। তারা কাজ সেরে যাওয়ার পর পরই আগুন লেগেছে। বনবিভাগ ও খাসিয়া পুঞ্জির এক-দেড় শত লোক নিয়ে কলাগাছ কেটে আগুন নেভানো হয়। আগুনে প্রায় আড়াই'শ পাইন গাছ পুড়ে গেছে।
এ ঘটনায় লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্রের এসিএফ জুনায়েদ আহমেদ চৌধুরী শ্রীমঙ্গল থানায় দুটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে, শেভরন বাংলাদেশের কমিউনিটি রিলেশন ম্যানেজার জুলফিকার আহমদ চৌধুরী বলেন, "এ জরিপের জন্য পাত্রখোলায় যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল তাতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে চিহ্নিত করে ক্ষতিপূরণ দেওয়া হবে।"
ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে ১৫২ বর্গ কিলোমিটার এলাকায় ৯ হাজার বিস্ফোরণ ঘটানো হবে। এখন পর্যন্তবিস্ফোরণের ৫৮ শতাংশ কাজ শেষ হয়েছে। লাউয়াছড়া বনে এ পর্যন্ত সাতশ' বিস্ফোরণ ঘটানো হয়েছে। জরিপ কাজ শেষ হয়েছে ৯৮ ভাগ। বাকি কাজ চলতি মাসের মধ্যেই শেষ হবে।
শেভরনের দাবি, সরকারের যথাযথ অনুমতি নিয়ে লাউয়াছড়ায় জীববৈচিত্র্যের প্রতি লক্ষ রেখেই ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ চলছে। পশু-পাখির অবাধ বিচরণ যাতে ব্যাহত না হয় সেজন্য বিস্ফোরণের সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। এপ্রিলের প্রথম দিকে কমলগঞ্জের পাত্রখোলা থেকে শুরু হওয়া ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ মির্তিঙ্গা চা বাগানে গিয়ে শেষ হবে চলতি মাসের শেষ সপ্তাহে।
শেভরন কর্মকর্তারা জানান, ভূতাত্ত্বিক জরিপের জন্য বনের কোনো গাছ কাটার প্রয়োজন হবে না। এ ছাড়া এ সময় কোনো যানবাহন বনের ভেতর ঢুকবে না। এ এলাকায় যে বিস্ফোরণ ঘটানো হচ্ছে তাতে শব্দের সর্ব্বোচ্চ মাত্রা ৭০ ডেসিবল। তবে সাংবাদিকদের সামনে একটি বিস্ফোরণ ঘটানোর সময় শব্দ পরিমাপক যন্ত্রে এর মাত্রা ৭৫ ডেসিবল অতিক্রম করতে দেখা যায়।
ক্ষতিগ্রস্থ গ্রামবাসী শ্রীমঙ্গল ইউনিয়নের দিলবর নগর গ্্রামের তাজ ইসলাম, খলিল মিয়া, দুলাল মিয়া অভিযোগ করেন, ২৬ এপ্রিল থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আশেপাশের এলাকা- ডলুবাড়ি, দিলবরনগর বিষামনি, রাধানগর, এম আর খান বস্তি ও কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁওয়ে মসজিদসহ শতাধিক কাঁচা ও পাকা বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
বিস্ফোরণের প্রচণ্ড শব্দ ও মৃদু ভূকম্পনে বন থেকে বিভিন্ন প্রাণী লোকালয়ের দিকে চলে আসছে বলেও তারা অভিযোগ করেন।
বনবিভাগের নামপ্রকাশে অনিচ্ছুক কয়েক কর্মকর্তা জানান, জরিপের কারণে জীববৈচিত্র্যের অনেক ক্ষতি হচ্ছে। শেভরন বনবিভাগের কোনো আইন-কানুন মানছে না।
পানপুঞ্জির প্রধান পিলা পতমিসহ স্থানীয় খাসিয়া স
bdnews24