ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতের নাজির, হিসাব রক্ষক ও রেকর্ড কিপার পদে পদোন্নতি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতের বেঞ্চ সহকারিরা।
ওই আদালতের বেঞ্চ সহকারিদের অভিযোগ, পদোন্নতি সংক্রান্ত আদেশ তাদেরকে জানানো হয়নি। এর ফলে তারা আবেদনও করতে পারেননি।
একজন বেঞ্চ সহকারি জানান, গত ২৭ এপ্রিল ঢাকা জেলা জজ এ কে এম ইশতিয়াক হুসাইন স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়।
এতে বলা হয় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেসী আদালতের সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা অনুসারে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের নাজির, হিসাব রক্ষক ও রেকর্ড কিপার পদে পদোন্নতির জন্য তিন সদস্যের একটি বাছাই কমিটি করা হয়েছে। উপযুক্ত প্রার্থীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়।
এ আদেশ ঢাকার অন্য সব আদালতে পাঠানো হলেও সংসদ ভবনের বিশেষ জজ আদালতে পাঠানো হয়নি। এর ফলে ওই সব আদালতে কর্মরত বেঞ্চ সহকারিরা আবেদন করতে ব্যর্থ হন।
এ বিষয়ে ঢাকা জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা নূর ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাড়াহুড়ার কারণে এটা ভুল হয়ে গেছে। তবে যারা আবেদন করতে পারেননি, তারা আগামীকাল (বৃহস্পতিবার) তা জমা দিতে পারবেন।"
তবে সময় পেরিয়ে যাওয়ার পর আবেদনপত্র দেওয়া হলে তা বৈধ হবে কি না? এ প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৯২৫ ঘ.
bdnews24