ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপে থাকার কোনও আগ্রহ সেনাবাহিনীর নেই।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাসদরের উদ্ধৃতি দিয়ে সংলাপ নিয়ে সেনাবাহিনীর মনোভাব জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আসন্ন সংলাপে সেনাবাহিনীর অংশগ্রহণ সম্পর্কে কতিপয় রাজনৈতিক দল কর্তৃক দাবি উত্থাপিত হয়েছে। এ সংলাপে অংশগ্রহণের ব্যাপারে সেনাবাহিনীর কোনও আগ্রহ বা অভিপ্রায় নেই।
গত ৩ মে বিবিসি আয়োজিত 'বাংলাদেশ সংলাপে' দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও আসম হান্নান শাহ বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন্ন সংলাপে সেনাবাহিনীর উপস্থিতি বা প্রতিনিধিত্ব প্রয়োজন।
ওই দুই নেতা জানান, এটা তাদের দলের মত নয়, ব্যক্তিগত মত। বিবিসির ওই সংলাপে ওই দুই নেতার প্রস্তাবের বিরোধিতাও আসে।
'গণমাধ্যমে সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্যের উপরে সেনাসদরের বক্তব্য' শিরোনামে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে সেনাপ্রধান বিভিন্ন অনুষ্ঠানে এমনকি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সময় এবং দেশি-বিদেশি পত্রিকায় সাক্ষাৎকারে স্পষ্ট ধারণা দিয়েছেন। সেনাবাহিনী সরকারের নির্দেশেই তাদের দায়িত্ব পালন করছে এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারকে সহযোগিতা দিয়ে আসছে। প্রয়োজনে ভবিষ্যতেও করবে।
গণমাধ্যমে ব্যক্তিগত ধারণার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সম্পর্কে মনগড়া নেতিবাচক মন্তব্য জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে- এমন আশঙ্কায় এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২২৭ ঘ.
bdnews24