ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় সংসদ আসনের সীমানা পুনর্বিন্যাস জনসংখ্যার ভিত্তিতে নয়, ভোটার সংখ্যার ভিত্তিতে করার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন একজন আইনজীবী।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ বি এম নুরুল ইসলামের এ নোটিশে আগামী রোববারের মধ্যে জাতীয় সংসদের সব আসনের সীমানা ও ভোটারসংখ্যা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের দাবি জানানো হয়েছে।
নোটিশের দাবি না মানা হলে নুরুল ইসলাম হাইকোর্টে রিট আবেদন দায়ের করবেন বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩ শ আসনের সীমানা পুনর্নির্ধারণ একসঙ্গে করতে হবে। নির্বাচন অর্থ ভোট। তাই ভোটারের সংখ্যার ভিত্তিতে আসনের পুনর্বিন্যাস করতে হবে। জনসংখ্যার ভিত্তিতে নয়।
নুরুল ইসলাম বলেন, "সোমবার লিগ্যাল নোটিশ প্রধান নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছি। সাত দিনের মধ্যে তিনি ব্যবস্থা না নিলে আগামী সোমবার হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে।"
নোটিশে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩ শ' আসন দেশের মোট নিবন্ধিত ভোটারের মধ্যে ভাগ করে দিতে হবে। আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে প্রতিটি আসনে প্রায় সমান সংখ্যক ভোটার থাকতে হবে। এক্ষেত্রে যোগাযোগ ও পাশাপাশি এলাকা বিবেচনায় আনতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২১৫০ ঘ.
bdnews24