২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপির সাবেক সাংসদ হাবিবের বাড়ির মাল ক্রোক

সাতক্ষীরার-২ (তালা-কলারোয়া) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব এর বাড়ি থেকে মঙ্গলবার বিভিন্ন মালামাল ক্রোক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

সাতক্ষীরা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার-২ (তালা-কলারোয়া) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব এর বাড়ি থেকে মঙ্গলবার বিভিন্ন মালামাল ক্রোক করেছে পুলিশ। হাবিব বিএনপি নেতা আলতাফ হত্যা মামলার আসামি। বর্তমানে তিনি পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কলারোয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে কলারোয়া সদরে সাবেক সাংসদ হাবিবের বাড়ি থেকে মালামাল ক্রোক করে পুলিশ। তার বড় ভাই কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পুলিশের জব্দ তালিকায় স্বাক্ষর করেছেন। ক্রোক করা মালামালের মধ্যে খাট, কয়েকটি চেয়ার, খাবারের টেবিল, আলমারি এ সব রয়েছে বলে তিনি জানান। ২০০৪ সালের ৫ মে তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি ও তালার সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আলতাফ হোসেনকে বোমা ছুঁড়ে হত্যা করা হয়। এ ঘটনায় আব্দুর রহমান নামে এক ব্যক্তি পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জোট সরকার ক্ষমতা হস্তান্তরের পর নিহত আলতাফ হোসেনের স্ত্রী রেহেনা খানম সংবাদ সম্মেলন করে তার স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে হাবিব জড়িত বলে দাবি করেন। এই মামলায় চলতি বছর ১২ জানুয়ারি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ হাবিবসহ বিএনপি-যুবদলের ১৫ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সাতক্ষীরার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস ২০ এপ্রিল হাবিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং মালামাল ক্রোকের নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০১ ঘ.