ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী মিয়ানমারকে সাহায্যের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল বুধবার ত্রাণসামগ্রী নিয়ে মিয়ানমার যাচ্ছে।
একটি টিসি -১৩০ কার্গো বিমানে করে যাওয়া দলটি উদ্ধার কাজেও সহযোগিতা করবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান সশস্ত্র বাহিনীর এই দলের নেতৃত্ব দেবেন। ২০ সদস্যের ওই দলটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো ত্রাণসামগ্রী মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। এ ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে আলু, বিভিন্ন ধরনের ওষুধ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শাড়ি, লুঙ্গি, প্যান্ট, গামছাসহ বিভিন্ন ধরণের পোশাক এবং আচ্ছাদন।
আন্তর্জাতিক সাহায্যের জন্য মিয়ানমারের আহ্বানে সাড়া দিয়ে ভ্রার্তৃত্বের নিদর্শন এবং প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সরকার এ সব ত্রাণ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৯৫৮ঘ.
bdnews24