বগুড়া, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার কাপড় ব্যবসায়ী এবং মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার জন্য বিতর্কিত মো. ওসমান গনি ওরফে ওসমান বিহারীর বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।
মঙ্গলবার বগুড়া জেলা মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেছেন মুক্তিযুদ্ধের সময় নিহত কিশোর গোলজার হোসেনের মা নেকবানু বেওয়া। হাকিম আবু হেনা মোস্তফা কামাল মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ২৬ মার্চের পর থেকে পাকিস্তান হানাদার বাহিনীর অত্যাচার, নির্যাতন, লুট ও হত্যার বিভিন্ন কর্মকাণ্ডে আসামিরা তাদের সহযোগী ছিলেন। মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে হানাদারদের সহযোগী ওসমান বিহারীসহ আসামিরা আব্দুল মোমিনের রেডিও হাউসে ঢুকে লুটপাট চালায়। ওই সময় মোমিন ও দোকানের কর্মচারি গোলজার হোসেন বাধা দেওয়ার চেষ্টা করলে আসামিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ১৬ বছর বয়সী গোলজার হোসেন নিহত হয়।
বাদী পক্ষের আইনজীবী আল মাহমুদ জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।
এর আগে বাবা ওসমান বিহারীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে তার বিচার দাবি করেন তিন সন্তান। এ দাবিতে ১৬ এপ্রিল বুধবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
সন্তানদের অভিযোগ, তাদের বাবা বগুড়ার ব্যবসায়ী ওসমান বিহারী একাত্তরে রাজাকার ছিলেন। এখনও ক্ষমতার দাপট দেখিয়ে চলেছেন।
সংবাদ সম্মেলনে ওসমান বিহারীর মেয়ে শবনম খান বলেন, "আমার বাবা এক জন যুদ্ধাপরাধী, নারী নির্যাতনকারী। এই ঘৃণায় তার সঙ্গে আমরা সম্পর্ক পর্যন্ত রাখিনি।"
ওই সময় শবনম খানের সঙ্গে ছিলেন তার ভাই তারেক হাসান পাপ্পু ও বোন জেনিফার।
ওসমান বিহারীর বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এ কে মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওসমান বিহারী ছিল চিহ্নিত রাজাকার। দেশ স্বাধীন হওয়ার পর সে বগুড়া থেকে পালিয়ে যায়। শুনেছি, ওই সময় সে ঢাকায় আত্মগোপন করে। '৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর সে এলাকায় ফিরে আসে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24