২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ

জোয়ারের পানির তোড়ে বাঁধ ভেঙে সোমবার দাকোপ উপজেলার দুইটি ইউনিয়ন সুতারখালী ও কামারখোলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

খুলনা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জোয়ারের পানির তোড়ে বাঁধ ভেঙে সোমবার দাকোপ উপজেলার দুইটি ইউনিয়ন সুতারখালী ও কামারখোলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ হাজার বসতবাড়ি। তলিয়ে গেছে প্রায় দেড় হাজার মাছ ও চিংড়ি ঘের। লোকজন গবাদি পশুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাইক্লোন সেন্টার ও উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে। বিকেলে জেলা প্রশাসক এসএম ফিরোজ আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসীন আলী প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। খুলনা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, রোববার রাতে এবং সোমবার সকালে জোয়ারের প্রবল তোড়ে দাকোপে উপজেলায় ৩২ নং পোল্ডার (বাঁধ) ভেঙে যায়। এতে কামার খোলা ও সুতারখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। তিনি জানান, দুটি ইউনিয়নের গুনারী নলিয়ান, কালাবগী, কৈলাশগঞ্জ, চড়ানদী গেট, কাইনমুখী চক, গুনারী উত্তর চক, দক্ষিণ নলিয়ানসহ বিভিন্ন গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়। এতে পাঁচ হাজার বসত বাড়ির প্রায় ২০ সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। লোকজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাইক্লোন সেন্টার এবং উচু বাঁধে আশ্রয় নিয়েছে। প্লাবিত এলাকার দেড় সহস্রাধিক মাছ ও চিংড়ি ঘের তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ঘেরগুলোতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নিরুপণ করা যায়নি। এ ব্যাপারে ৩২ নং পোল্ডার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও চিংড়ি চাষী কে এম কবির হোসেন জানান, ডুবে যাওয়া ঘেরগুলোতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক এসএম ফিরোজ আলম বলেন, দুর্গত মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, ভেঙে যাওয়া বাধ মেরামত করতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কাজ চলছে। বাঁধটি মেরামত হতে দুই দিন লাগতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৩০ ঘ.